ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে

OIL 6a963bbad6f7a

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবারও (১ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। 

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এদিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে হয়েছে ৮৬ দশমিক ৫৯ ডলার।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সংঘাত আরও বাড়লে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

এদিকে,  ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, আমরা তাদের ওপর কঠোর হামলা চালাতে যাচ্ছি। ইরানিদের হামলার জবাব দেওয়া হবে।

এর আগে, ইরানের লারাক দ্বীপে গত রোববার (৩০ আগস্ট) রাতে আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাসহ কয়েকজন বেসামরিক মানুষ নিহত ও আহত হন। এ হামলার পর জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালায় ইরান।

Scroll to Top