উয়েফার চাপে বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি প্রকাশ করছে ফিফা

fifa mw03x5cbysmgwlk 20261103090757
জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। এমন পরিকল্পনা গ্রহণ করে বিতর্কিত হয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই পরিকল্পনার ‘গুরুত্বপূর্ণ নথিপত্র’ ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে এক্ষেত্রে কঠোর পর্যালোচনা ও গোপনীয়তার শর্ত মেনেই তারা সেসব নথি দেখতে পারবেন।

গত মাসে ফিফাকে ২ নভেম্বরের আলটিমেটাম দিয়েছিল উয়েফা। সেই সঙ্গে বেশ কিছু প্রশ্নের জবাবও চেয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফা কাউন্সিলের এক বৈঠকে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্তের কারণে ক্ষমা চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যদিও সেদিন পুরোপুরি ব্যাখ্যা দিতে ব্যর্থ হন তিনি। এ বিষয়ে কল প্রশ্ন লিখিতভাবে জমা দিতে বলেছিলেন তিনি।

ইউরোপিয়ান ফুটবলের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার কিছু ঘণ্টা আগে ফিফার মহাসচিব মাথিয়াস গ্রাফস্ট্রম সংস্থাটির প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী পর্ষদ কাউন্সিলের সদস্যদের চিঠি দেন। সেখানে তিনি জানান, ‘গুরুত্বপূর্ণ নথি’ দেখার সুযোগ পাবেন সদস্যরা। তবে এ জন্য তাঁদের জুরিখে ফিফার সদর দপ্তরে সরাসরি যেতে হবে।

সেই চিঠিতে গ্রাফস্ট্রম লিখেছেন, ‘গোপনীয়তা রক্ষায় কঠোর পর্যালোচনা প্রক্রিয়ার’ আওতায় নথিগুলো দেখার সুযোগ দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আগ্রহী কাউন্সিল সদস্যদের এ জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।

যদিও এটি নিশ্চিত করা হয়নি যে, কোন নথিপত্র সামনে আনা হবে।

বিবিসি স্পোর্টকে জানানো হয়েছে, উয়েফার দুই সপ্তাহের মধ্যে ১০০টির বেশি প্রশ্নের জবাব দেওয়ার দাবিকে বাস্তবসম্মত মনে করেনি ফিফা। কারণ, সম্প্রতি আজারবাইজানে নতুন একটি যুব বিশ্বকাপ আয়োজন এবং চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় বিশেষ কংগ্রেসের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল সংস্থাটি।

এ ছাড়া উয়েফার তোলা কিছু প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অক্টোবরে যুক্তরাষ্ট্রে ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে উয়েফা। প্রমাণ ও নথিপত্র প্রকাশের দাবি জানিয়ে তারা সতর্ক করেছে, প্রয়োজনে সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগও দায়ের করতে পারে।

গত মাসে উয়েফা ফিফাকে জানিয়েছিল, তাদের বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তর দেওয়া হয়নি।

ফিফা সময়সীমা মেনে না চললে কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট করেনি উয়েফা। তবে আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর ওপর চাপ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার সময় রয়েছে।

গ্রাফস্ট্রম তার চিঠিতে বলেছেন, উয়েফার দাবিতে প্রত্যাশার তুলনায় অনেক বেশি প্রশ্ন রয়েছে। ফিফা প্রশাসন এত প্রশ্নের মুখোমুখি হতে পারে, তা আগে থেকে অনুমান করা কঠিন ছিল। তবে সব কাউন্সিল সদস্যের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য জবাব তৈরির কাজ চলছে।

তিনি আরও উল্লেখ করেছেন, ফিফা কাউন্সিল এবং সংখ্যাগরিষ্ঠ সদস্য অ্যাসোসিয়েশনের বাধ্যতামূলক অনুমোদন ছাড়া এফএফই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব ছিল না। প্রস্তাব থেকে সরে আসার কারণে ফিফাকে কোনো জরিমানাও দিতে হয়নি বা হবে না।

Scroll to Top