
লামিনে ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের দাবিকে জোরালোভাবে সমর্থন করেছেন স্পেনের সতীর্থ নিকো উইলিয়ামস। ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের ৪-১ গোলের জয়ে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে বিশ্বের সেরা খেলোয়াড় বলেও মন্তব্য করেছেন এই অ্যাথলেটিক বিলবাও ফরোয়ার্ড।
সেভিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন ইয়ামাল। পাশাপাশি সতীর্থ মার্ক পুবিলের গোলেও অবদান রেখেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। এর আগে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয়েও ম্যাচের শুরুতে গোল করেছিলেন তিনি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের বড় জয়ের শেষ মুহূর্তে নিজের নামও স্কোরশিটে তোলেন উইলিয়ামস। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়ামালের ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘লামিনে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য। অনেকের অনেক মত থাকতে পারে। কিন্তু যে ফুটবল বোঝে এবং ফুটবল ভালোবাসে, তাকে অবশ্যই জানতে হবে-লামিনেই সেরা।’
ক্লাব ও জাতীয় দলের হয়ে ইয়ামালের ধারাবাহিক পারফরম্যান্সই তাকে ব্যালন ডি’অরের আলোচনায় রেখেছে। গত মৌসুমে লা লিগার শিরোপা জয়ের পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও জিতেছেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ এই ফরোয়ার্ড।
গতবার ব্যালন ডি’অরের দৌড়ে উসমান দেম্বেলের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন ইয়ামাল। এবারও পুরস্কারের অন্যতম আলোচিত দাবিদার হিসেবে তার নাম আসছে। তার সঙ্গে আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইনের মতো তারকারাও।
তবে ইয়ামালের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ উইলিয়ামসের চোখে ব্যালন ডি’অরের জন্য তার সতীর্থের দাবিই সবচেয়ে জোরালো।