ভারতের বিপক্ষে ম্যাচে থাকছেন না রাফিনহা

raphinha 20260930154910

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনহা চোটের কারণে ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন। আগামী শনিবার, ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ডান উরুর পেছনের অংশে সামান্য চোট পাওয়ায় ব্রাজিল দল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ইমেজিং পরীক্ষায় রাফিনহার ডান উরুর পেছনের পেশিতে সামান্য ‘মাসল ইডিমা’ ধরা পড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বদলে দলে নতুন কোনো খেলোয়াড়ও ডাকবে না ব্রাজিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে প্রথমার্ধের পরই মাঠ ছাড়েন রাফিনহা। তখন অস্বস্তি অনুভব করায় বার্সেলোনাতেও তার চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়। এখন বার্সেলোনায় ফিরে আরও পরীক্ষা করাবেন তিনি। এরপর শুরু হবে চিকিৎসা। আপাতত ধারণা করা হচ্ছে, চোট গুরুতর নয় এবং সতর্কতার কারণেই ভারতের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আগামী ১০ অক্টোবর লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচ রয়েছে বার্সেলোনার। তাই রাফিনহার চোটের কারণে ক্লাবের আর কোনো ম্যাচ মিস করতে হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহার অনুপস্থিতি ব্রাজিলের জন্য অবশ্যই বড় ধাক্কা। বার্সেলোনার হয়ে লা লিগায় এখন পর্যন্ত সাত ম্যাচে ১২ গোল করেছেন তিনি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।

ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে রাফিনহার অনুপস্থিতি দেশটির সমর্থকদের জন্য হতাশার হলেও ব্রাজিলের দলে তারকা খেলোয়াড়ের অভাব নেই। ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, ব্রুনো গিমারায়েস ও মারকিনিওসদের নিয়ে শক্তিশালী দল নিয়েই কলকাতায় নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ভারত ও ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের এটি হতে যাচ্ছে প্রথম মুখোমুখি লড়াই। ম্যাচটির আগে ভারত অবশ্য বিশ্বকাপের মূল পর্বে খেলা দলের বিপক্ষে তিনটি ম্যাচের প্রথমটি শেষ করেছে।

২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে খালিদ জামিলের দল। রায়ান উইলিয়ামসের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ওমর ভ্যালেন্সিয়ার গোলে সমতায় ফেরে পানামা।

এবার কলকাতায় ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের অপেক্ষায় ভারত।

Scroll to Top