মেলেনি অনুমতি, মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা

messi munlq7z4y0rd9us 20260930102709

লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে থাকতে পারছেন না পাওলো দিবালা। মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব রোমা। একই কারণে আর্জেন্টিনার আরেক তারকা নাহুয়েল মোলিনাও ম্যাচটিতে উপস্থিত থাকতে পারবেন না।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ হওয়ার কথা। আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের জার্সিতে বিদায় নেবেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

রোমা এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়দের দীর্ঘ আন্তমহাদেশীয় ভ্রমণ এবং আন্তর্জাতিক বিরতির পর ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সময়সূচি বিবেচনা করেই দিবালা ও মোলিনাকে না ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক বিরতির পর ১১ অক্টোবর কোমোর বিপক্ষে মাঠে নামবে রোমা।

ফলে মেসির সঙ্গে আর্জেন্টিনার ড্রেসিংরুম ভাগ করে নেওয়া দিবালা মিস করবেন বিশেষ এই মুহূর্ত। মোলিনাও জাতীয় দলের হয়ে মেসির সতীর্থ ছিলেন এবং ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন। দিবালাও ছিলেন সেই বিশ্বকাপজয়ী দলের অংশ।

মেসির বিদায়ী ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে মনুমেন্টালে মেসি ও তার পুরোনো সতীর্থদের পুনর্মিলনেরও সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ক্লাবের সিদ্ধান্তে সেই আয়োজনে থাকতে পারছেন না দিবালা ও মোলিনা।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৫ গোল রয়েছে। জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।

বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ জার্সিও উন্মোচন করেছে আর্জেন্টিনা। আকাশি-সাদা ঐতিহ্যবাহী রঙের এই জার্সিতে রয়েছে সোনালি নকশা। মেসির নাম ও ১০ নম্বরও সোনালি রঙে রাখা হয়েছে। পাশাপাশি জার্সিতে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর্জেন্টিনার প্রতীক ‘সান অব মে’।

দিবালা ও মোলিনার সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে রোমা জানিয়েছে, মেসি ও তার ক্যারিয়ারের প্রতি ক্লাবের সর্বোচ্চ সম্মান রয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও মেসির জন্য বিশেষ একটি সন্ধ্যার শুভকামনাও জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

Scroll to Top