মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখতে চান? জানুন কীভাবে

mosharraf karim mu0unl7hjxa76es 20260914121657
মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখতে চান? জানুন কীভাবে

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র কিংবা ওটিটি; অভিনয়ের প্রতিটি মাধ্যমে নিজের দক্ষতার ছাপ রেখেছেন মোশাররফ করিম। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন দেশের এই জনপ্রিয় অভিনেতা। এবার তার কাছ থেকেই সরাসরি অভিনয়ের নানা কলাকৌশল শেখার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে দিনব্যাপী অভিনয়বিষয়ক কর্মশালা। কর্মশালাটির আয়োজন করছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস। এতে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন মোশাররফ করিম।

কর্মশালাটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে বিকেল ৪টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ‘অভিনয়ের তত্ত্ব’ শীর্ষক এই পর্বে আলোচনা করবেন নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ইউসুফ হাসান অর্ক।

এই পর্বে অভিনয় ও পরিবেশনার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি, স্বাভাবিক ও শৈলীভিত্তিক অভিনয়পদ্ধতি, চরিত্র নির্মাণ, অভিনয়ের গতি ও ছন্দ, শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে সংগীতধর্মিতার ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।

m karim 20260914121605

এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মোশাররফ করিমের বিশেষ অভিনয়বিষয়ক পাঠ। ‘অভিনয়ের শিল্প’ শীর্ষক এই পর্বে নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি, চরিত্রকে গভীরভাবে বোঝা ও চরিত্রের মধ্যে প্রবেশের পদ্ধতি, চরিত্রের আবেগকে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দেওয়ার কৌশল এবং পরিচালকের নির্দেশনা বুঝে নিজের অভিনয়ের সঙ্গে তা সমন্বয় করার বিষয়ে কথা বলবেন মোশাররফ করিম।

এ ছাড়া একজন পেশাদার অভিনেতা হিসেবে কীভাবে অভিনয়জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলা যায়, সে বিষয়েও নিজের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরবেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় সর্বোচ্চ ৫০ জন অংশ নিতে পারবেন। আগ্রহীদের নির্ধারিত ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও কর্মশালা-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে আয়োজক প্রতিষ্ঠানের ফেসবুক পেজে।

Scroll to Top