অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাবনা কতটুকু?

brazil mt6oidqfisyyltk 20260824093243

রোববার আকস্মিকভাবে ঢাকায় এসে রাতেই ফিরে যাওয়া ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিয়ে গেছে এক লোভনীয় প্রস্তাব। অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ঢাকায় ম্যাচ খেলতে চায়, তাও বাংলাদেশের বিপক্ষে। ম্যাচের সম্ভাব্য তারিখ ৬ অক্টোবর। সব ঠিকঠাক হলে কলকাতায় ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিল দল ঢাকায় আসতে পারে।

বাংলাদেশের জন্য এটি মেঘ না চাইতেই বৃষ্টির মতো সুযোগ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে খেলার অভিজ্ঞতা, বিশ্বমানের ফুটবল দেখার সুযোগ, তরুণ খেলোয়াড়দের মানসিক বিকাশ এবং বাণিজ্যিক সম্ভাবনা; সব মিলিয়ে বিষয়টি আকর্ষণীয়। সিবিএফ প্রতিনিধিরা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে সুবিধা দেখে সন্তুষ্ট হয়েছেন বলে বাফুফে সূত্র জানিয়েছে। নিরপেক্ষ ভেন্যু হিসেবেও ঢাকার ব্যবহারের কথা উঠেছে।

কিন্তু বাস্তবতা মেনে ব্রাজিলের বিপক্ষে ওই ম্যাচ খেলা কঠিন বাংলাদেশের জন্য। এক অর্থে জটিল। শনিবার বাফুফে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার। ব্রাজিল ম্যাচের কারণে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে চারটি ম্যাচ। ফিফার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবর (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর) উইন্ডোতে কোনো জাতীয় দল পাঁচটি ম্যাচ খেলতে পারে না। আসিয়ান কাপের চার ম্যাচের পর আরেকটি প্রীতি ম্যাচ যোগ করলে নিয়ম লঙ্ঘন হবে।

প্রশ্ন উঠেছে — বাংলাদেশ কি তাহলে আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের সুযোগ নেবে? নাকি নির্ধারিত টুর্নামেন্টকেই অগ্রাধিকার দেবে? বাফুফে এখনো ব্রাজিল প্রতিনিধিদের চূড়ান্তভাবে হ্যাঁ বা না বলেনি। চুলচেরা বিশ্লেষণ এবং অনেক কিছু বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। এত অনুরোধ করে ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে বাফুফে কি পারবে না করতে?

ব্রাজিল ম্যাচ বাংলাদেশ ফুটবলের জন্য ঐতিহাসিক সুযোগ হলেও আসিয়ান কাপও গুরুত্বপূর্ণ। সেখানে সমমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার মাধ্যমে অভিজ্ঞতা ও র‍্যাঙ্কিংয়ের সুযোগ রয়েছে। আসিয়ান কাপ খেললে বাংলাদেশ আর্থিকভাবেও লাভবান হবে। একদিকে স্বপ্নের ম্যাচ, অন্যদিকে নিয়ম ও প্রতিশ্রুতির বাধ্যবাধকতার পাশাপাশি টাকাকড়ির বিষয়; বাফুফের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে এই আলোচনা কোন পথে এগোয়।

Scroll to Top