আরেকটি হাই স্কোরিং ম্যাচ, এবার আর ভারতের সঙ্গে পারলো না ওয়েস্ট ইন্ডিজ

india mv4o3i4uget0b3h 20261012090525

অবশেষে সফলভাবে রান পাহারা দিয়ে জয়ের দেখা পেলো ভারত। সিরিজের আগের পাঁচবারের চেষ্টায় বড় সংগ্রহ গড়েও তা ধরে রাখতে পারেনি কোনো দল। আগের ম্যাচে তো ভারতের ২৪৯ রানও টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে কোনো সংগ্রহই নিরাপদ মনে হচ্ছিল না।

ষষ্ঠ ম্যাচে এসে সেই ধারার অবসান ঘটালো ভারত। অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের সম্মিলিত নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়েছে স্বাগতিকেরা।

ইন্দোরের মন্থর ও নিচু বাউন্সের উইকেটে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২২৩ রান করে ভারত। জবাবে কামিল পুরান-শিমরন হেটমায়ারদের ঝড়ো ব্যাটিংয়ের পরও ২০৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ভারতের হয়ে আর্শদীপ সিং নেন সর্বোচ্চ ৩ উইকেট, অবশ্য খরচ করেছেন ৪৪ রান।

সঞ্জু স্যামসন (৩) ব্যর্থ হলেও ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন অভিষেক শর্মা। ৩০ বলে ৬ চার আর ৫ ছক্কায় ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। তার আগ্রাসী ব্যাটিংয়েই পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলে নেয় ভারত। ঈশান কিষান করেন ১৮ বলে ৩৭ রান। একপর্যায়ে ৮.১ ওভারে ১ উইকেটে ১১৫ রান তুলে আরও বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকেরা।

তবে অভিষেকের বিদায়ের পর ছন্দ হারায় ভারতের ইনিংস। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ১৩৫ রানে ৫ উইকেটে পরিণত হয় তারা। শেষ পর্যন্ত বড় সংগ্রহের পথে প্রত্যাশামতো এগোতে না পারলেও ২২৩ রান তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ, শামার জোসেফ আর শামার স্প্রিঙ্গার নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপকে (৫) অল্প রানে ফিরিয়ে ভারতকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন আর্শদীপ। এরপর মাঝের ওভারগুলোতে রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখেন অক্ষর প্যাটেল। রাঁচিতে আগের ম্যাচে ৩.৩ ওভারে ৬৩ রান দেওয়া অক্ষর এবার ঘুরে দাঁড়িয়ে কার্যকর বোলিং করেন।

এ ছাড়া পার্টটাইম বোলার নমান ধীর ও নীতীশ কুমার রেড্ডিও নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করেন। শেষ দিকে আর্শদীপ ও প্রিন্স যাদবের নিখুঁত ইয়র্কারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। অক্ষরের শেষ ওভারে শামার স্প্রিঙ্গার ৩ ছক্কা হাঁকালেও ম্যাচ ততক্ষণে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ বলে ৩৫ রানের হার না মানা ইনিংসে তিনি পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন।

Scroll to Top