আর্জেন্টিনা তারকার অবসরে আবেগঘন বার্তা ফিফা সভাপতির

otamendi ms46dhlm0dnofrd 20260728104901

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজিত হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার নিকোলার ওতামেন্দি। তার অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আর্জেন্টাইন তারকাকে সম্মান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইনস্টাগ্রামে এক পোস্টে ফিফা সভাপতি লিখেছেন, ‘সাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, নিকোলাস ওতামেন্দি। ২০২২ বিশ্বকাপজয়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালিস্ট এবং আর্জেন্টিনার হয়ে ১৩৯ ম্যাচ খেলা অন্যতম অভিজ্ঞ ফুটবলার তুমি। তোমার নেতৃত্ব ও দৃঢ়তা আর্জেন্টিনা জাতীয় দলের একটি অসাধারণ যুগ গড়ে তুলতে সাহায্য করেছে।’

পোস্টে ওতামেন্দির ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানিয়ে ইনফান্তিনো লেখেন, ‘বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা।’

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়ার পর এবং রিভার প্লেটে ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলকে বিদায় জানান ওতামেন্দি। আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি পরার স্বপ্ন দেখেছি। এই জার্সি পরা ছিল ফুটবল আমাকে দেওয়া সবচেয়ে বড় সম্মান। আমি সর্বোচ্চ গর্ব, দায়িত্ব ও আত্মনিবেদন দিয়ে এই জার্সিকে প্রতিনিধিত্ব করেছি।’

২০২৬ বিশ্বকাপের ফাইনালই যে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে, সেটিকে ভাগ্যের লিখন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, কিন্তু মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সর্বস্ব দিয়ে লড়েছি।’

পরবর্তী প্রজন্মের উদ্দেশে ওতামেন্দির বার্তা ছিল, ‘কখনো বিশ্বাস হারিও না। এমন বাধা আসবে, যা অতিক্রম করা অসম্ভব মনে হবে। কিন্তু এই জার্সি সবসময় তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এটিকে রক্ষা করে। মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাও। আমি বিশ্বাস করি, আমাদের গল্পের পরের অধ্যায় তোমরাই লিখবে।’

সবশেষে আর্জেন্টাইন সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শিরোপা ইতিহাসের অংশ হয়ে যায়, কিন্তু এই রঙের প্রতি ভালোবাসা আজীবন থেকে যায়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে এবং বিশ্বের সবচেয়ে সুন্দর জার্সিটি পরার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা। বিদায়, জাতীয় দল।’

Scroll to Top