একটা ক্ষত ছিল, সেরে গেছে—রিয়াল অধ্যায় নিয়ে মুখ খুললেন আলোনসো

prothomalo bangla 2026 08 03 yvk5ubdg 2026 08 01t120814z145309437up1em810xpptdrtrmadp3soccer friendly che tot
সংবাদ সম্মেলনে চেলসি কোচ জাবি আলোনসো

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলে লিভারপুলেরই কোচ হবেন তিনি—একসময় এমনটাই ধারণা করা হতো। জাবি আলোনসো প্রিমিয়ার লিগে ফিরেছেন ঠিকই, তবে চেলসির কোচ হয়ে। লিভারপুলের সাবেক মিডফিল্ডার এখন স্টামফোর্ড ব্রিজের প্রধান কোচ। মাঝে একটা অধ্যায় কাটিয়ে এসেছেন আরেক সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে।

তবে আলোনসোর সেই অধ্যায় প্রত্যাশামতো এগোয়নি। সাত মাসের কিছু বেশি সময় দায়িত্বে থাকার পরই বিদায় নিতে হয়েছে। কিন্তু সেই ব্যর্থতাকে এখন আর বোঝা হিসেবে দেখছেন না জাবি আলোনসো। বরং সেটিকে ক্যারিয়ারের একটি ‘ক্ষত’ বলে উল্লেখ করে জানিয়েছেন, সেই ক্ষত এখন সেরে গেছে

অস্ট্রেলিয়ায় চেলসির প্রাক্‌–মৌসুম সফরের শুরুতে সাংবাদিকদের আলোনসো বলেন, ‘ভাগ্যক্রমে আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি ক্ষত ছিল, কিন্তু সেটি সেরে গেছে। আমি দারুণ অনুপ্রাণিত এবং দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে দায়িত্ব নেওয়ার সময় যেমন উপভোগ করেছিলাম, তেমনি এই নতুন অধ্যায়ও উপভোগ করতে চাই।’

খেলোয়াড়ি ক্যারিয়ারে লিভারপুলে পাঁচ বছর কাটিয়ে রিয়াল মাদ্রিদ হয়ে বায়ার্নে খেলেছেন ২০১৭ পর্যন্ত। এরপর শীর্ষ ফুটবলে কোচিংও শুরু করেন জার্মানিতে, বায়ার লেভারকুসেনের হয়ে। বুন্দেসলিগার ক্লাবটিকে ইতিহাসের প্রথম লিগ জেতানোর পর বিপুল প্রত্যাশা নিয়ে গত মৌসুমে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন।

কিন্তু বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর জানুয়ারিতেই তাঁকে বার্নাব্যু ছাড়তে হয়। দায়িত্বে থাকার সময় ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল।

prothomalo bangla 2026 08 03 u52gb1yh 2026 08 01t104645z316734810up1em810txvq5rtrmadp3soccer friendly che tot
প্রিমিয়ার লিগে চেলসির কোচ হয়ে ফিরেছেন জাবি আলোনসো

তবে অস্বস্তির সেই সময়টাকে এখন শেখার অভিজ্ঞতা হিসেবেই দেখছেন ৪৪ বছর বয়সী এই কোচ, ‘পেছনে তাকালে আমি ইতিবাচক দিকগুলো দেখি। আবার যেগুলো কাজ করেনি, সেগুলোও দেখি। আমি নিজেকে সমালোচনার চোখে বিশ্লেষণ করেছি। ভেবেছি, কী করলে আরও ভালো করতে পারতাম, কারণ সবকিছু প্রত্যাশামতো হয়নি।’

আলোনসোর মতে, রিয়ালের সময়টা তাঁকে অনেক কিছু শিখিয়েছে, ‘অনেক অভিজ্ঞতা হয়েছে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, খেলার ধরন, খেলোয়াড়দের পরিচালনা-কিছু কাজ করেছে, কিছু করেনি। সব মিলিয়ে এটি নানা অভিজ্ঞতার মিশ্রণ।’

prothomalo bangla 2026 08 03 8ohkwj4n 2026 07 13t145850z1262779879up1em7d15m1ssrtrmadp3soccer england che
চার বছরের চুক্তিতে চেলসির কোচ হয়েছেন আলোনসো

এবার আলোনসোর সামনে চেলসিকে পথে ফেরানোর চ্যালেঞ্জ। গত মৌসুমে তিন কোচ বদল করেও প্রিমিয়ার লিগে দশম স্থানে শেষ করে লন্ডনের ক্লাবটি। ফলে এবারের মৌসুমে ইউরোপের কোনো প্রতিযোগিতায় নেই চেলসি। তবু দলটির সম্ভাবনা নিয়ে আশাবাদী আলোনসো। চেলসির দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা মাথা এবং মনের—দুই জায়গা থেকেই এসেছে। আমি মনে করেছি, ক্লাবের জন্যও সময়টা ঠিক ছিল, আমার জন্যও। এটি ভালো একটি সুযোগ।’

২৪ আগস্ট ফুলহামের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে চেলসি। তার আগে প্রাক্‌-মৌসুমের অংশ হিসেবে আরও চারটি ম্যাচ খেলবে আলোনসোর দল। ৫ আগস্ট হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে, ৮ আগস্ট ইন্দোনেশিয়ায় এসি মিলানের বিপক্ষে, ৯ আগস্ট মালয়েশিয়ায় জোহর দারুল তাজিমের বিপক্ষে এবং ১৫ আগস্ট ফুলহামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে চেলসি।

Scroll to Top