টেকসই পর্যটনের জন্য পরিচ্ছন্ন বায়ু অপরিহার্য: পর্যটনমন্ত্রী

পাহাড়, নদী, হাওর, বন ও প্রত্নতাত্ত্বিক স্থান রক্ষার তাগিদ; ১,৪৯৮ পর্যটন স্থান নিয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্তের কাজ চলছে

amader matribhumi.jpg 29

নিজস্ব প্রতিবেদক

টেকসই পর্যটন নিশ্চিত করতে হলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকার চায় মানুষ যেন নির্মল বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলে “মিডিয়া রান-২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।” এ লক্ষ্য অর্জনে বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশের অবক্ষয়কে তিনি প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

পর্যটনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এর মাধ্যমে মানুষ প্রকৃতিকে চিনতে পারে এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। পর্যটন খাতের দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য দেশের পাহাড়, সমুদ্র উপকূল, নদী, হাওর, বন ও প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার ওপর তিনি জোর দেন।

তিনি জানান, সারাদেশের ১,৪৯৮টি পর্যটন স্থান নিয়ে একটি পর্যটন মাস্টারপ্ল্যান চূড়ান্ত করার কাজ চলছে।

মিডিয়া রানের প্রশংসা করে মন্ত্রী বলেন, কক্সবাজারের মতো পর্যটন কেন্দ্রেও এ ধরনের দৌড়ের আয়োজন করা উচিত।

মিডিয়া রান-২০২৬

“Run for Tourism, Run for Clean Air” (পর্যটনের জন্য দৌড়াই, পরিষ্কার বাতাসের জন্য দৌড়াই) স্লোগানে আয়োজিত এই দৌড়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।

সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হয় ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড় ও ২ কিলোমিটারের ফান রান। পর্যটন, সুস্থ জীবনযাপন ও পরিচ্ছন্ন পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

পরে মন্ত্রী তিন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top