থার্ড টার্মিনালের চেয়ে ২০ গুণ ব্যয়বহুল দুবাইয়ের নতুন বিমানবন্দর, সক্ষমতা ১৩ থেকে ২২ গুণ।

ডেস্ক রিপোর্টঃ

123

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সঙ্গে তুলনা করলে দুবাইয়ের আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সম্প্রসারণ প্রকল্পের বিশালতা স্পষ্ট হয়। ব্যয়, সক্ষমতা, রানওয়ে ও আয়তন, সব দিকেই এটি বহুগুণ বড়। আল মাকতুম আগে থেকেই চালু বিমানবন্দর। ২০১০ সালে কার্গো ফ্লাইট দিয়ে এর যাত্রা শুরু, ২০১১ থেকে যাত্রীবাহী বিমানও নামছে। এখন সেটিকেই বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরে রূপ দেওয়া হচ্ছে।

দুবাইয়ের প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২৮ বিলিয়ন দিরহাম, অর্থাৎ প্রায় ৩৫ বিলিয়ন ডলার (প্রায় ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা) ঢাকার থার্ড টার্মিনাল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২১ হাজার ৩০০ কোটি টাকা, বর্তমান বিনিময় হারে যা প্রায় ১.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ দুবাইয়ের ব্যয় প্রায় ২০ গুণ।

দুবাইয়ের নতুন বিমানবন্দর সম্পূর্ণ চালু হলে বছরে ২৬ কোটির বেশি যাত্রী সামলাতে পারবে। ঢাকার থার্ড টার্মিনাল একাই বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী সামলাতে পারবে। সেই হিসাবে দুবাইয়ের সক্ষমতা প্রায় ২২ গুণ। পুরোনো দুই টার্মিনালসহ শাহজালালের মোট সক্ষমতা ধরা হয় প্রায় ২ কোটি যাত্রী। এর তুলনায় দুবাইয়ের সক্ষমতা ১৩ গুণ।

শাহজালাল বিমানবন্দরে এখন একটি রানওয়ে আছে, থার্ড টার্মিনালে কোনো নতুন রানওয়ে যুক্ত হয়নি। অংশীজনরা আগেই বলেছেন, একটিমাত্র রানওয়ে থার্ড টার্মিনালের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর পথে বড় বাধা। দুবাইয়ের আল মাকতুমে থাকবে পাঁচটি সমান্তরাল রানওয়ে, অর্থাৎ ঢাকার পাঁচ গুণ।

শাহজালাল বিমানবন্দর প্রায় ৮০২ হেক্টর, অর্থাৎ প্রায় ৮ বর্গকিলোমিটার জায়গায় অবস্থিত। আল মাকতুম পূর্ণ বিকশিত হলে এর পরিকল্পিত আয়তন হবে প্রায় ৭০ বর্গকিলোমিটার, যা ঢাকার বিমানবন্দরের প্রায় ৮.৭ গুণ। শুধু টার্মিনাল ভবনের হিসাবে থার্ড টার্মিনাল ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। দুবাইয়ের নতুন টার্মিনাল বর্তমান দুবাই ইন্টারন্যাশনালের পাঁচ গুণ বড় হবে বলে জানানো হয়েছে।

দুবাইয়ের প্রথম ধাপ ২০৩২ সালে চালু হবে। এ পর্যন্ত সেখানে ৮০ বিলিয়ন দিরহামের (প্রায় ২১.৮ বিলিয়ন ডলার) বেশি চুক্তি দেওয়া হয়েছে। এ বছরের আগস্টে বাংলাদেশ সরকার থার্ড টার্মিনালের অবশিষ্ট কাজ শেষ করে চালু করতে ৯০২ কোটি টাকা চেয়েছে বলে জাতীয় সংসদে জানানো হয়। ২০ গুণ ব্যয়বহুল দুবাইয়ের নতুন বিমানবন্দর, সক্ষমতা ১৩ থেকে ২২ গুণ

Scroll to Top