
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকার সঙ্গে আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশটির গুরুত্বপূর্ণ দুই শহর জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ বিবেচনা করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার আনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করে। সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করা গেলে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের যাতায়াত অনেক সহজ হবে। এ কারণে সরকার এ দুই রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মতো। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পর্যটন সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক চলাচল বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার আনিল সুকলাল দুই দেশের পর্যটন খাতে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। এর মাধ্যমে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং পর্যটন খাতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দুই পক্ষই মনে করে, সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠা এবং পর্যটন সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।