দায়িত্ব নিতে মুখিয়ে আছেন মোহামেডানের আর্জেন্টাইন কোচ

mohamedan coach mt0y83c134vpr04 20260820091812
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড নতুন ফুটবল মৌসুমের জন্য আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলাকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে। উয়েফা প্রো-লাইসেন্সধারী ৫৩ বছর বয়সী এই কোচ ক্লাবের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন বলে এক বার্তায় জানিয়েছেন।
ভারেলা দক্ষিণ এশিয়ার ফুটবলে কাজ করায় অভিজ্ঞ। ভারতে গোকুলাম কেরালা, চার্চিল ব্রাদার্স, শ্রীনিধি ডেকান, বেঙ্গালুরু ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দ্য গোয়া ছাড়াও আফগানিস্তানের আবু মুসলিম এফসির কোচের দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে চট্টগ্রামে হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে গোকুলাম কেরালাকে ফাইনালে তুলেছিলেন তিনি।

নিয়োগের পর ভারেলা সমর্থকদের উদ্দেশে এক বার্তা দিয়েছে বলেছেন, ‘হ্যালো মোহামেডান সমর্থকরা, আমি ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। আগামী মৌসুমের জন্য মোহামেডানের প্রধান কোচ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এমন একটি ঐতিহ্যবাহী ক্লাব, সমৃদ্ধ ফুটবল ইতিহাস এবং অগণিত সমর্থক গোষ্ঠীর অংশ হতে পারা অত্যন্ত গর্বের বিষয়।’

এই আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমি ঢাকায় এসে খেলোয়াড়, স্টাফ, সমর্থক এবং ক্লাব কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। আমরা কঠোর পরিশ্রম করবো, একসাথে থাকবো এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য আমাদের সেরাটা দেবো। স্টেডিয়ামে আপনাদের দেখার জন্য আর তর সইছে না। খুব শীঘ্রই দেখা হচ্ছে, চলুন একসাথে এটি করে দেখাই!’

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেছেন, ‘এই উপমহাদেশের ফুটবল পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা থাকায় তাকে বেছে নেওয়া হয়েছে। তিনি দ্রুতই ঢাকায় এসে অনুশীলন শুরু করবেন বলে আশা করা করছি।’

দেশে পেশাদার ফুটবল প্রবর্তন হওয়ার পর ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জিতেছিল মোহামেডান। তবে গত মৌসুম খুব খারাপ কেটেছে সাদাকালোদের। আসন্ন ফুটবল মৌসুমের জন্য শক্তিশালী দল গঠন করেছে ক্লাবটির নতুন পরিচালনা পর্ষদ। শিরোপা উদ্ধাররের জন্য বিদেশি কোচও নিয়োগ দিয়েছে। সাদা-কালো সমর্থকরা নতুন কোচের অধীনে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।

Scroll to Top