‘দুর্ভাগা নয়, জয়ের পর ছবিতে তো আছি’

prothomalo bangla 2026 08 19 f4voomty after win against 1st test against australia in darwin12
অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ, এই ছবিতে আছেন প্রথম টেস্টে না খেলা শরীফুলও

অস্ট্রেলিয়া পেসারদের স্বপ্নপূরণের জায়গা। ডারউইন টেস্টে ১৪ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা সেই স্বপ্ন পূরণও করেছেন। তবে চোটের কারণে প্রথম টেস্টে সেই সুযোগ পাননি শরীফুল ইসলাম। তবু নিজেকে দুর্ভাগা ভাবছেন না এই বাঁহাতি পেসার; ডারউইনে দলের জয় উদ্‌যাপনের ছবিতে থাকতে পেরেই খুঁজে নিচ্ছেন আনন্দ।

টেস্টে বাংলাদেশের মূল পেসারদের একজন শরীফুল। প্রথম টেস্টে তাঁর না থাকা নিয়ে ধারাভাষ্যকক্ষেও আলোচনা হয়েছে। এমন এক ঐতিহাসিক টেস্টে না থাকা নিয়ে শরীফুলের কি আফসোস হয়?

দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে সাংবাদিকদের শরীফুল বলেছেন, ‘আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এমন একটি জয়ের অংশ হতে পেরে ভালো লাগছে। অন্তত স্কোয়াডের সঙ্গে ছবিতে তো থাকতে পেরেছি! আমরা এই ধারা বজায় রাখার চেষ্টা করব এবং দেখা যাক কত দূর যেতে পারি।’

প্রথম টেস্টে খেলতে না পেরে শরীফুল নিজেকে দুর্ভাগাও ভাবছেন না, ‘আমি নিজেকে দুর্ভাগা মনে করি না। যা হওয়ার তা তো আর বলেকয়ে হয় না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আলহামদুলিল্লাহ, ইনজুরির কারণে কিছুদিন বিশ্রামে ছিলাম এবং রিহ্যাব করেছি। এটি আমার শরীরের জন্য ভালো হয়েছে বলেই আমি মনে করি।

prothomalo bangla 2026 08 14 hmqttd4s shorifol in darwin 1
ডারউইনে দলের সঙ্গে পরে যোগ দেন শরীফুল ইসলাম

শরীফুল যোগ করেন, ‘যারা খেলেছে, তাদের জন্য আমি সব সময় দোয়া করেছি, যাতে তারা সেরা পারফরম্যান্স করতে পারে এবং আমরা জিততে পারি। যখন আমরা ম্যাচটি জিতলাম, বিশ্বাস করেন, বাংলাদেশের সাধারণ মানুষের মতো আমিও অনেক খুশি হয়েছি।’

টেস্টে বাংলাদেশকে এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছনে পেসাররা। শরীফুল নিজেও এই পেস ইউনিটের অংশ। এ নিয়ে তিনি বলেছেন, ‘পেসাররা ভালো করলে অবশ্যই ভালো লাগে। তবে শুধু পেসার নয়, বাংলাদেশ দল যখন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করে, তখন বেশি ভালো লাগে। আমরা যখন সম্মিলিতভাবে পারফর্ম করি, তখনই জয় ছিনিয়ে আনা সম্ভব হয়।’

Scroll to Top