
নয়াদিল্লি: ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে নেপালের উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।
বৈঠকে নেপালের নতুন নেতৃত্বের উন্নয়ন ভাবনা ও জনগণের প্রত্যাশার প্রতিফলন নিয়ে প্রশংসা করেন মোদী। তিনি বলেন, নেপালের জনগণের সাম্প্রতিক সমর্থন দেশটির নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রত্যাশাকে তুলে ধরেছে।
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক ভারত সফরকে স্বাগত জানিয়ে মোদী বলেন, ভারত ও নেপালের সম্পর্ক শুধু ভৌগোলিক প্রতিবেশিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আস্থা, বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধন রয়েছে।
নেপালে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উন্নয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করেন তিনি।
মোদী আরও বলেন, জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে ভারত দীর্ঘদিন ধরে নেপালের পাশে রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি ভারত ও নেপালের সম্পর্ককে গভীর, আন্তরিক ও ঐতিহাসিক বন্ধন হিসেবে উল্লেখ করেন। দুর্যোগের সময় ভারতের দ্রুত সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক সংহতি আরও শক্তিশালী করার আহ্বান জানান শাহ। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে জনপ্রশাসন প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদসহ বিভিন্ন ক্ষেত্রে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তির মাধ্যমে ভারত ও নেপালের সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।