
ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান
ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। জিদানের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত।
বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণা এল আজ।
১৯৯৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের, ২০২৬ বিশ্বকাপে যারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।

দায়িত্ব নেওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান বলেছেন, ফ্রান্সের কোচ হওয়াটা তাঁর জন্য দারুণ সম্মানের, ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়াটা আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার।’
‘একই সঙ্গে এটা অনেক বড় দায়িত্ব। আমি ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি ও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই। এটা বলার অপেক্ষা রাখে না, জাতীয় দলের হয়ে আমার অনেক উচ্চাকাঙ্খা আছে।’
জিদান বলেছেন, রিয়ালের দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে আরও বেশ কিছু প্রস্তাব পাওয়ার পরও সেগুলো ফিরিয়ে দিয়েছেন।
২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়।