
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামীকাল ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়াও এই মাঠে দুই দশকের বেশি সময় পর টেস্ট খেলবে।
বাংলাদেশ টেস্ট দিয়ে এক বছরের বেশি সময় পর আবার একসঙ্গে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার ‘বিগ থ্রি’—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
দলে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সর্বশেষ অ্যাশেজের শেষ দুই টেস্টে খেলতে পারেননি এই অফ স্পিনার।
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়া একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
অস্ট্রেলিয়ার একাদশে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডারও। ক্যামেরন গ্রিন নিজের জায়গা ধরে রেখেছেন। তাঁর সঙ্গে আছেন বো ওয়েবস্টার।
হ্যাজলউড ফেরায় দুর্ভাগ্যজনকভাবে একাদশের বাইরে থাকতে হচ্ছে বোল্যান্ডকে। গত বছর অক্টোবরের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি হ্যাজলউড। চোটের কারণে মিস করেছেন অ্যাশেজ।

অন্যদিকে এই সময়ে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ধারাবাহিক ছিলেন বোল্যান্ড। অ্যাশেজের পাঁচটি টেস্টেই খেলেন এই পেসার। কামিন্স অ্যাশেজে খেলেছিলেন মাত্র একটি টেস্ট, লায়ন দুটি। সেই সিরিজে ৫ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন বোল্যান্ড।
তবে সামনে ব্যস্ত সূচি থাকায় বোল্যান্ডের সুযোগের অভাব হবে না। আগামী ১২ মাসে অস্ট্রেলিয়া সর্বোচ্চ ২১টি টেস্ট খেলতে পারে। ফলে দলের পেস আক্রমণে তাঁকে নিয়মিতই প্রয়োজন হতে পারে।