স্পিকারের আপত্তি উড়িয়ে সংসদে ‘বালেন সানগ্লাস’ বহাল

nepal pm mt8ilvvpkab0m5e 20260825162443
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ চিকিৎসাজনিত কারণে সংসদে কালো সানগ্লাস পরতে পারবেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটির সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

৩৬ বছর বয়সী শাহ ‘বালেন’ নামে বেশি পরিচিত। জনসম্মুখে তাকে প্রায় সবসময়ই কালো সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়।

নির্বাচনী প্রচার থেকে শুরু করে সরকারি অনুষ্ঠান—প্রায় সব জায়গাতেই তিনি সানগ্লাস পরে থাকেন। এমনকি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার আনুষ্ঠানিক ছবিতেও সানগ্লাস দেখা গেছে।

সংসদে সানগ্লাস নিয়ে আপত্তি

চলতি মাসের শুরুতে নেপালের সংসদের স্পিকার দোল প্রসাদ আরিয়াল সংসদ কক্ষে কালো সানগ্লাস না পরার পরামর্শ দিয়েছিলেন।

স্পিকার বলেছিলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের সানগ্লাস পরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সমালোচনা রয়েছে।

তবে এখন প্রধানমন্ত্রীর জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের উপমুখপাত্র অনন্ত প্রসাদ কৈরালা বার্তা বলেন, প্রধানমন্ত্রীর সানগ্লাস পরার চিকিৎসাগত প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে একটি প্রতিবেদন সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়েছে।

তিনি জানান, উজ্জ্বল আলোতে চিকিৎসাগত কারণে সানগ্লাস প্রয়োজন হলে প্রধানমন্ত্রী সংসদে তা পরতে পারবেন।

‘বালেন সানগ্লাস’ জনপ্রিয়

২০১৭ সালে সংগীতশিল্পী হিসেবে পরিচিত বালেন্দ্র শাহ রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার সময় তার কালো সানগ্লাস ও কালো পোশাকের স্টাইল ব্যাপক জনপ্রিয়তা পায়।

এরপর থেকে সানগ্লাসটি তার ব্যক্তিত্বের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

তাকে অনুসরণ করতে অনেকেই একই ধরনের সানগ্লাস কিনছেন। এমনকি নেপালের বিভিন্ন দোকানে তার জনপ্রিয়তার কারণে এসব সানগ্লাস ‘বালেন সানগ্লাস’ নামে বিক্রি হচ্ছে।

প্রধানমন্ত্রী হওয়ার পর শাহ তুলনামূলকভাবে জনসম্মুখে কম আসছেন। তবে তার পরিচিত কালো সানগ্লাস এখনো তার রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয়ের একটি উল্লেখযোগ্য অংশ হয়ে রয়েছে।

Scroll to Top