
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে। এই ভিসাধারী ব্যক্তিরা এক বছরের মধ্যে একাধিকবার (মাল্টিপল-এন্ট্রি) সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন এবং মোট সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই ভিসা দেওয়ার তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত নিয়ন্ত্রক শর্ত পূরণ সাপেক্ষে ভিসাধারী ব্যক্তিরা এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই উদ্যোগ সৌদি ভিশন-২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এর লক্ষ্য সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজ করা, ওমরাহ পালনকারীদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়া এবং সেবার মান বৃদ্ধি করা।
নুসুক পারমিট ও সেবা প্যাকেজ গ্রহণ আবশ্যক
এক বছর মেয়াদি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সফরের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে।
সেবা প্যাকেজের মেয়াদ অবশ্যই ভিসার অবশিষ্ট বৈধ মেয়াদের সময়সীমার চেয়ে বেশি হতে পারবে না। এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগে দর্শনার্থীদের নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওমরাহর পারমিট (অনুমতি) নিতে হবে।
প্রতিবার সৌদি আরব ছাড়ার পর ভিসাটি নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভেট) হয়ে যাবে এবং পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে তা আবার সক্রিয় (রিঅ্যাক্টিভেট) করা হবে।