ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই আন্দোলনের প্রশংসা করেছেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লেখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই একে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। আন্দোলনের সব কৃতিত্ব শুধু দেশের শিক্ষার্থীদেরই পাওয়া উচিত বলে মনে করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়ে সংস্কারের দাবিতে জড়ো হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেছেন সালমান। পাশাপাশি সন্তানদের পাশে থাকার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘এই আন্দোলন, এই প্রতিবাদ, এটাই সঠিক পথ।’ শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার প্রতি তাদের এই প্রতিশ্রুতি ভারতকে গর্বিত করবে।
তিনি আরও বলেন, এই বিষয়টি ‘শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মধ্যকার’ একটি বিষয়। তাই রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনের নিয়ন্ত্রণ না নেওয়ার আহ্বান জানান তিনি।