শেষটা রাঙাতে পারল না সিরিজ জয়ী বাংলাদেশ

নেপালের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।

womens kabbady 200726 01 1784554660

সিরিজ জয়ের আনন্দ থাকলেও, শেষটা ভালো হলো না বৃষ্টি-খাদিজাদের। ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

জমজমাট লড়াইয়ের পর, ১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারালেন বৃষ্টি-শ্রাবণীরা। তাতে আগেই সিরিজ জিতে নেওয়া বাংলাদেশের শেষটা হলো না জয়ের হাসিতে।

পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে বৃহস্পতিবার, নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ লড়াইয়ে ২৫-২১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।

বাংলাদেশ ৩৪-২৪ পয়েন্টে জিতে সিরিজ শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ২৫-২০ পয়েন্ট জিতে সমতা ফেরায় নেপাল। তৃতীয় ম্যাচে ৩১-২৩ পয়েন্টে জিতে সিরিজে ফের এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ৩৪-২২ পয়েন্টের জয়ে সিরিজ নিজেদের করে নেন বৃষ্টি-খাদিজারা।

পঞ্চম ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও, জয়ে শেষ করার তাড়না ছিল মেয়েদের। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধের মাঝামাঝি ৬-৬ সমতায় ফিরে নেপাল। প্রথমার্ধ সফরকারীরা শেষ করে ১২-১১ পয়েন্টে পিছিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় ম্যাচের লাগাম মুঠোয় রাখা বাংলাদেশ শেষ দিকে এসে খেই হারায়। নেপাল এক পর্যায়ে এগিয়ে যায় ১৮-১৭ পয়েন্টে। এরপর বাংলাদেশের রেইডাররা একের পর এক ধরাশায়ী হলে সফরকারীরা ম্যাচ জিতে নেয় ৪ পয়েন্টের ব্যবধানে।

Scroll to Top