‘আমরা একটি নতুন দল গঠন শুরু করব’ কী ইঙ্গিত দিলেন আনচেলত্তি?

ancelotti ms5lofu60l5tmki 20260729104616

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে নতুন করে পথচলা শুরু করেছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি তিন সপ্তাহ পর ব্রাজিলে ফিরে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিবিএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সামনে প্রীতি ম্যাচকে সামনে রেখে দল পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান এই কোচ।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো ব্রাজিলে ফিরেছেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি। মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে জাতীয় দলের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠকে বিশ্বকাপ-পরবর্তী সময়ে ব্রাজিলের প্রস্তুতি, সেপ্টেম্বরের প্রীতি ম্যাচের দল নির্বাচন, সফর পরিকল্পনা, লজিস্টিকস এবং কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম সিরিজ হবে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। দীর্ঘায়িত ফিফা আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি সিবিএফ।

সিবিএফের ওয়েবসাইটে আনচেলত্তি বলেন, ‘আমরা একটি নতুন দল গঠন শুরু করব। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তবে বিশ্বকাপে খেলা এবং এখনও জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য থাকা অভিজ্ঞ খেলোয়াড়দেরও আমরা বাদ দিচ্ছি না।’

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আনচেলত্তি সরাসরি ব্রাজিলে না ফিরে পরিবারের সঙ্গে বিশ্রাম কাটাতে কানাডায় নিজের বাসভবনে গিয়েছিলেন। তিন সপ্তাহ পর দেশে ফিরে আবারও জাতীয় দলের কাজে মনোযোগ দিয়েছেন তিনি।

মঙ্গলবারের বৈঠকে আনচেলত্তির সঙ্গে উপস্থিত ছিলেন সিবিএফের পুরুষ জাতীয় দলের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো, সাধারণ ব্যবস্থাপক সিসেরো সৌজা, তত্ত্বাবধায়ক সের্জিও দিমাস, টেকনিক্যাল কো-অর্ডিনেটর হুয়ান, ফিটনেস কো-অর্ডিনেটর ক্রিস্তিয়ানো নুনেস, ফিজিওলজিস্ট গিলিয়ের্মে পাসোস এবং পারফরম্যান্স বিশ্লেষক ব্রুনো বাকেতে ও থোমাজ আরাউজো।

রদ্রিগো কায়েতানো বলেন, ‘এটাই জাতীয় দলের বিভাগে আমাদের নতুন অধ্যায়ের সূচনা। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকাসহ সব প্রতিযোগিতায় ব্রাজিলকে সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করতে আমরা এই সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নেব।’

আগামী নভেম্বরে আরেকটি ফিফা আন্তর্জাতিক বিরতি থাকলেও সেই সময়ের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে। আর এই প্রস্তুতি পর্বের একমাত্র বড় আনুষ্ঠানিক টুর্নামেন্ট হবে ২০২৮ কোপা আমেরিকা, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Scroll to Top