
অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড দেখার পর বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন অজিদের এই স্কোয়াড দেখে দেশের ক্রিকেটের অগ্রগতির কথা ভাবলে সাকিব আল হাসান বলছেন ভিন্ন কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় আসন্ন সিরিজে অস্ট্রেলিয়া শক্তিশালী দল ঘোষণা করেছে বলে মনে করেন তিনি।
সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে শ্রীলঙ্কা অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে ভারতীয় সংবাদমাধ্যম রেভ স্পোর্টসকে সাক্ষাৎকার দেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া শক্তিশালী স্কোয়াডের প্রশ্ন এলে সাকিব বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকা- এরা সবাই টেস্ট ক্রিকেটকে খুবই গুরুত্বের সঙ্গে নেয়। তাই যেখানেই খেলুক না কেন, তারা সাধারণত তাদের সেরা দলটিই পাঠায়। তাই তাদের সেরা দল নির্বাচন করা দেখে আমি অবাক হইনি।’
তিনি আরও বলেন, ‘এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই তারা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাতে চায় না। তাছাড়া তাদের খেলোয়াড়রাও ভালো বিশ্রামে ছিল, তাই তারা মূল দলকে মাঠে নামাতে পেরেছে।’
আর এই সিরিজে নাহিদ রানার অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য কতটা বড় ধাক্কা প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এই টেস্ট সিরিজের জন্য এটাই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি। আমার মনে হয় অস্ট্রেলিয়ানরাও অস্ট্রেলিয়ায় রানার মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষায় ছিল। সেটা তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ হতো যা তারা সাদরে গ্রহণ করত। তাই তার না থাকাটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি।’