
বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক সুবিধা পেতে নতুন একটি বেসরকারি প্রতিষ্ঠান খোলার প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিষয়টিকে তিনি একটি ‘সুযোগ’ হিসেবে উল্লেখ করলেও এতে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন।
ফিফার মূল প্রতিযোগিতাগুলোর মালিকানার অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা গত মঙ্গলবার প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়। তবে গতকাল বুধবার এক ভিডিও বার্তায় নিজের ভাবনার পক্ষে যুক্তি তুলে ধরেছেন ফিফা সভাপতি।
ইনফান্তিনো বলেন, ফুটবলের যে খাতগুলোয় সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন, সেগুলোতে বর্তমানে বাণিজ্যিক আয়ের খুব সামান্য অংশই পৌঁছায়।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রকাশিত সেই ভিডিওতে ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই মূলত একটি প্রস্তাব বা আহ্বান। এটি একটি গণতান্ত্রিক আলোচনার প্রক্রিয়ার অংশ। সর্বোপরি এটি একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়।’
ইনফান্তিনো যোগ করেন, ‘বিশ্বজুড়ে ফুটবলের বিকাশকে আরও গতিশীল করার জন্য এটি এক অনন্য সুযোগ। তবে আবারও বলছি, এটি শুধুই একটি প্রস্তাব, কোনো বাধ্যবাধকতা নয়।’
ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ফুটবলে ‘এত দিন অব্যবহৃত থাকা বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানো’ই এ প্রস্তাবের মূল উদ্দেশ্য। আর এটি বাস্তবায়নের বিষয়টি ফিফার ২১১টি সদস্যদেশের গণতান্ত্রিক ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদনের ওপর নির্ভর করছে।
ইনফান্তিনোর ভাষায়, ‘এই বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন, যা খেলা পরিচালনা ও উন্নয়নের কাজ থেকে একেবারেই আলাদা।’

ইনফান্তিনো বলেন, ‘এটি সহজ কথায় স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব, লাইসেন্সিং ও নতুন ব্যবসার মাধ্যমে ফিফার মালিকানাধীন সব প্রতিযোগিতার বাণিজ্যিকীকরণ ও আয়োজন সুসংগঠিত করবে, যার সুবিধা পাবে ফিফার ২১১টি সদস্যদেশই।’
ফুটবলের মূল আবেদন বদলে যাবে না জানিয়ে ফিফাপ্রধান বলেন, এর ফলে সমর্থকেরা আরও বেশি আনন্দ পাবেন, ‘বিশ্বের সব প্রান্তের সমর্থকেরা এ যুগান্তকারী পরিবর্তন থেকে অফুরন্ত সুবিধা পাবেন। কারণ, এটি তাঁদের নিজ নিজ দেশের ফুটবলকে পুরোপুরি বদলে দেবে।’