
ঢাকা: অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি (টিআইএফএ)-এর অধীনে পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকের আগে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্স ক্লিনটন পবকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
এই বৈঠকে আসন্ন টিআইএফএ যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকের প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো সমাধান এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।
অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, গত পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫.৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে এবং তা গড়ে বার্ষিক ১৭.৮% হারে বৃদ্ধি পেয়েছে।
মিশনটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলেছে, অস্ট্রেলিয়া বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্ব সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।