কোটি টাকায় বিক্রি হলো জিমিনের সেই শার্ট

prothomalo bangla 2026 07 31 zdh477g1 61bfb30c d90c 472c 87cb 7bb88355f1d7
সেই শার্ট পরিহিত বিটিএস তারকা জিমিন

২০২৬ ফুটবল বিশ্বকাপের বিভিন্ন স্মারক নিয়ে আয়োজিত দাতব্য নিলামে ব্যাপক সাড়া মিলেছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল ও বিটিএস তারকা জিমিনের পরা শার্ট। প্রতিটি স্মারকের দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি)

ক্রিস্টিজ অকশন হাউসের আয়োজনে ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক অনলাইন নিলাম এক সপ্তাহ চলার পর বুধবার শেষ হয়। নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে, যা আয়োজকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ২৪টি দেশের ক্রেতারা এতে অংশ নেন।

হাফটাইম শোতে বিটিএস পরিবেশন করেছিল তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’। ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী মিলিয়ে বিক্রি হয়েছে ৩ লাখ ৩০০ মার্কিন ডলার, যা নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।
জিমিনের শার্ট ছাড়াও ভির স্কার্ফ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ ডলারে, জাংকুকের জ্যাকেট ৪৬ হাজার ২০০ ডলারে, সুগার প্যান্ট ৩৩ হাজার ডলারে, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে, আরএমের বুট ১৯ হাজার ৮০০ ডলারে এবং জিনের বেল্ট ১৬ হাজার ৫০০ ডলারে।

prothomalo bangla 2026 07 31 1i3x4axy 13187892 d236 40ed 9104 72cf8ff5223a
বিশ্বকাপের ফাইনালের হাফটাইমে পারফর্ম করেছে বিটিএস

এ ছাড়া শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। আর হাফটাইম শোতে জাস্টিন বিবারের পরা ‘স্কাইলর্ক’ ব্র্যান্ডের স্নিকার্স বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।

নিলাম থেকে পাওয়া অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। এই তহবিলের লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানো। বিশ্বের প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ের কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে।

১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন।

Scroll to Top