দ্রুত উত্তর চায় রিয়াল, সব পোস্ট মুছলেন ভিনিসিয়ুস

prothomalo bangla 2025 02 08 3cryt3gy boooom
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছে ভিনিসিয়ুস জুনিয়রের। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে নিজের সব পোস্ট, প্রোফাইল ছবি ও হাইলাইটস মুছে দিয়ে নতুন করে জল্পনা উসকে দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

তিন দিন ধরে নতুন কোচ জোসে মরিনিওর অধীন অনুশীলন করার পর হঠাৎই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরোপুরি খালি করে দেন ভিনিসিয়ুস। ৬ কোটি ৩৯ লাখ অনুসারী নিয়ে তাঁর অ্যাকাউন্টে এখন কোনো পোস্ট, প্রোফাইল ছবি বা হাইলাইটস নেই। এমন সিদ্ধান্তের কারণ অবশ্য প্রকাশ করেননি ভিনিসিয়ুস।

বিশ্বকাপ শেষে বের্নার্দো সিলভা ও ব্রাহিম দিয়াজের সঙ্গে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফেরেন ভিনিসিয়ুসও। ক্লাবের সংবাদমাধ্যমকে ভিনি বলেন, ‘অনুশীলন খুব ভালো হচ্ছে। নতুন কোচ ও নতুন সতীর্থদের সঙ্গে পরিচিত হয়েছি। আমরা কঠোর পরিশ্রম করছি। মরিনিও চান আমি আগের মতোই থাকি—হাসিখুশি, প্রাণবন্ত এবং নিজের স্বাভাবিক খেলাটা খেলি।’

গতকাল বুধবার ভিনিসিয়ুসের প্রতিনিধি প্রতিষ্ঠান রক নেশনের কর্মকর্তারা মাদ্রিদে রিয়ালের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভিনিসিয়ুসের নতুন চুক্তির পাশাপাশি স্পোর্তিংয়ের ডিফেন্ডার ওসমান দিয়োমান্দের সম্ভাব্য দলবদল নিয়েও আলোচনা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বৈঠকে ভিনিসিয়ুসের পক্ষের নেতৃত্ব দেন তাঁর এজেন্ট ফ্রেদেরিকো পেনা। রিয়ালের পক্ষে ছিলেন ক্লাবের প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেস ও প্রধান স্কাউট হুনি কালাফাত। আলোচনায় কোনো পক্ষই নিজেদের অবস্থান পুরোপুরি প্রতিষ্ঠা করতে না পারলেও সমঝোতার একটি পথ তৈরি হয়েছে।

prothomalo bangla 2026 08 06 u7lkjyis capture
ভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ক্রিনশট
ইনস্টাগ্রাম

প্রায় এক বছর ধরে চলা এই আলোচনা এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সিদ্ধান্ত মূলত ভিনিসিয়ুসের হাতেই। রিয়াল মাদ্রিদ আগের প্রস্তাবের চেয়ে বেতন বাড়িয়েছে, যদিও সেটি এখনো খেলোয়াড়ের সব দাবি পূরণ করেনি। ক্লাবও স্পষ্ট করে দিয়েছে, এই প্রস্তাব অনির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে না। দ্রুত উত্তর চায় রিয়াল।

রিয়ালে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। তাই নতুন মৌসুম শুরুর আগেই বিষয়টির নিষ্পত্তি করতে চায় রিয়াল। এ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আর্সেনালও। ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, কোচ মিকেল আরতেতা এবারের দলবদল মৌসুমেই ভিনিসিয়ুসকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এমনকি আর্সেনালের ড্রেসিংরুমেও বিশ্বাস তৈরি হয়েছে, আগামী মৌসুমে ব্রাজিলিয়ান তারকাকে সতীর্থ হিসেবে পাওয়া যেতে পারে। তবে সেটি সম্ভব হবে কেবল রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের আলোচনা ভেঙে গেলে।

শুরুতে ভিনিসিয়ুস বছরে প্রায় ৩ কোটি ইউরো নেট বেতন চেয়েছিলেন। পরে তিনি সেই দাবি কমিয়ে প্রায় ২ কোটি ইউরোয় নামিয়ে আনেন। এর সঙ্গে নবায়ন বোনাস, কিলিয়ান এমবাপ্পের মতো সাইনিং বোনাস এবং নিজের ইমেজ স্বত্ত্বের অংশ আরও বাড়ানোর দাবিও ছিল। বর্তমানে ইমেজ স্বত্বে তাঁর অংশ ৫০ শতাংশের কিছু বেশি।

prothomalo bangla 2026 08 06 xn7e1j5a hoyzhauwsaaolui
রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুস

স্প্যানিশ রেডিও কাদেনা সারের তথ্য অনুযায়ী, রিয়ালের সর্বশেষ প্রস্তাব ছিল বছরে ২ কোটি ৪০ লাখ ইউরো পারিশ্রমিকের। আগের প্রস্তাবের তুলনায় এটি বেশি হলেও ভিনিসিয়ুসের প্রাথমিক দাবির চেয়ে কম। তবে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর দাবি, বিভিন্ন পারফরম্যান্স বোনাস যোগ হওয়ায় এখন দুই পক্ষই আগের চেয়ে কাছাকাছি অবস্থানে এসেছে। ফলে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী দুই পক্ষই।

গত বছর ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের দুয়ো শোনার পর ভিনিসিয়ুস ইনস্টাগ্রামে রিয়াল মাদ্রিদের লোগোর বদলে ব্রাজিল জাতীয় দলের লোগো ব্যবহার করেছিলেন। পরে অবশ্য আবার আগের অবস্থায় ফিরে যান। এবার সব পোস্ট ও প্রোফাইল ছবি মুছে দেওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়ে গেছে।

Scroll to Top