সরকারি চাকুরেদের বেতন ১০০% বাড়ানোর সুপারিশ

Recommendation to increase salaries of government employees by 100

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। তবে সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই বৃদ্ধির হার সমান হবে না; গ্রেডভেদে বেতন বৃদ্ধির এই হারে কিছুটা তারতম্য হতে পারে। এছাড়া দুই ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ এসেছে। এর মধ্যে প্রথম বছর শুধু মূল বেতন, পরের বছর বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা দেওয়া হতে পারে।

জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ পর্যালোচনা ও প্রণয়ন কমিটির গতকাল বুধবার বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গতকাল সুপারিশ প্রণয়ন কমিটির শেষ বৈঠকে সব সদস্য সই করেছেন। নতুন বেতন কাঠামোয় ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই বছরে এই বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই প্রতিবেদনটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ।

জানা যায়, সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ খ্রিষ্টাব্দে। এর পর থেকে প্রতিবছর তাদের মূল বেতনের নির্ধারিত ৫ শতাংশ হারে বাড়লেও নতুন পে স্কেলের আর আসেনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বেতনের বিষয়টি আরও পর্যালোচনার জন্য একটি কমিটি করা হয়। এর মধ্যে পে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বেতন বৃদ্ধির হিসাব নিয়ে নানা আলোচনা সামনে আসে।

বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি দীর্ঘ চার মাস পর্যালোচনা শেষে গতকাল চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন তৈরি করে। কিন্তু গত বৃহস্পতিবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। ফলে সচিব কমিটি প্রতিবেদন চূড়ান্ত করলেও মন্ত্রী পর্যায়ের কমিটির কারণে নবম পে স্কেল বাস্তবায়নে আরও দেরি হতে পারে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন, গ্র্যাচুইটিসহ যা এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। বাজেটের ‘জনপ্রশাসন-নিট’ খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।

Scroll to Top