মেসির খারাপ সময় কাটছে না, ইন্টার মায়ামি হারল আবারও

prothomalo bangla 2026 08 16 6q8rtil4 291139 01 02
লিওনেল মেসি

আবারও হারল ইন্টার মায়ামি। লিগস কাপ থেকে বিদায়ের পর এবার এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে লিওনেল মেসির দল।

এই ম্যাচে জিতলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে উঠত মায়ামি। তবে বড় হারে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য এখন ৫।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারল ইন্টার মায়ামি। এর আগে মেক্সিকান ক্লাব মনতেরেরির কাছে ২-১ এবং লিওনের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। আগের দুই ম্যাচের মতো ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে চোখেও পড়েছে মায়ামির রক্ষণভাগের সমন্বয়হীনতা।

ঘরের মাঠে আজ ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ন্যাশভিল, গোল করেন অ্যান্ডি নাজার। কিছুক্ষণ পর সমতায় ফেরার দারুণ সুযোগ পায় মায়ামি। ২৩ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু মেসির নেওয়া শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে।

prothomalo bangla 2026 08 16 1spbnsdy hpz3cojwcaa k i
জোড়া গোল করেছেন মোখতার

প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য সমতায় ফেরে মায়ামি। মেসির নিখুঁত পাস থেকে গোল করেন তেলাসকো সেগোভিয়া। ডান পায়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান ভেনেজুয়েলার এই মিডফিল্ডার।

তবে বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের প্রথম ১১ মিনিটেই দুই গোল করে ন্যাশভিল। ৪৯ মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হানান মোখতার।

এরপর ৫৭ মিনিটে স্যাম সারিজ গোল করে ব্যবধান বাড়ান। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় আরও নিশ্চিত করেন মোখতার। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এমএলএসের শীর্ষ দলটি।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই প্রথম শুরুর একাদশে ছিলেন মেসি। লুইস সুয়ারেজও খেলেছেন শুরু থেকে। কিন্তু তারকাসমৃদ্ধ দলটি জয়ের দেখা পায়নি।

মেসি একটি গোলে সহায়তা করলেও তাঁর পেনাল্টি মিসে দল ভুগেছে। ৫৯ মিনিটে দেখেছেন হলুদ কার্ডও।

যোগ করা সময়ে অবশ্য গোলের খুব কাছাকাছি গিয়েছিলেন মেসি। পরপর দুটি শট পোস্টে লাগে। এরপর ডান পায়ের শটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

Scroll to Top