ইউরোপের তিন দেশ থেকে ৪০ বাংলাদেশিকে ফেরত

befunky collage 14 1787847891

বৈধ নথি না থাকায় ইউরোপের তিন দেশ থেকে ৪০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমিগ্রেশন সূত্র জানায়, তাদের মধ্যে ২৪ জন সাইপ্রাস, ১৫ জন গ্রিস এবং একজন বুলগেরিয়া থেকে ফিরেছেন। ফ্লাইটটি সকাল পৌনে ৮টার দিকে অবতরণ করেছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সংস্থার সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের একটি দল। ব্র্যাকের দলটি ফিরে আসা প্রবাসীদের বিভিন্ন ধরনের সহায়তাও দেয়।

এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভসেক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিরা সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, প্রাথমিক কথাবার্তায় জানতে পেরেছি, তাদের সঙ্গে ইউরোপে থাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। এ কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, ফেরত আসা প্রত্যেককে ২৯ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  তাদের খাবার দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সহায়তা করা হয়েছে।

শরিফুল আরও জানান, ইউরোপ থেকে ফিরে আসা ওই ৪০ ব্যক্তির দীর্ঘ মেয়াদে পুনর্বাসনে সহায়তার জন্য কাউন্সেলিং, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রয়োজনীয় নথি না থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) সই করে। ওই ব্যবস্থার আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়। এর আগে গত ২১ মে আরেকটি বিশেষ ফ্লাইটে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

Scroll to Top