ফিফার নিষেধাজ্ঞা মুক্ত বসুন্ধরা কিংস

bashundhara kings mtdtidris40gamy 20260829092530

বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শেষ পর্যন্ত ফিফার সব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। বিদেশি কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিকের দাবিতে আরোপিত ১৪টি নিষেধাজ্ঞার মধ্যে শেষ চারটিও তুলে নেওয়া হয়েছে শুক্রবার রাতে। ফলে ক্লাব লাইসেন্সিং ও আসন্ন ঘরোয়া মৌসুমে অংশ নেওয়ার পথে আর কোনো বাধা নেই শিরোপাধারী দলটির।

শুক্রবার সন্ধ্যা পর্যন্তও চারটি নিষেধাজ্ঞা সক্রিয় থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা আরও চার দিন বাড়িয়ে দিয়েছিল। তবে রাতে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, বসুন্ধরা কিংসের নাম আর সেই তালিকায় নেই। অর্থাৎ খেলোয়াড় নিবন্ধনের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা এখন উঠে গেছে ৬ বারের চ্যাম্পিয়নদের।

বিদেশি কোচ ও খেলোয়াড়দের সঙ্গে সমঝোতা করে বকেয়া অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। এতে কিংসের কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা স্থানীয় ফুটবলাররা এখন নতুন মৌসুমের প্রস্তুতি নিতে পারবেন। ক্লাব লাইসেন্সিংয়ের কাগজপত্র জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারা লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।

বসুন্ধরা কিংস গত কয়েক মৌসুমে বাংলাদেশ ফুটবলের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে আর্থিক দায় ও বিদেশিদের পারিশ্রমিক ইস্যুতে বারবার ফিফার নিষেধাজ্ঞায় পড়ে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল। এই মুক্তি শুধু ক্লাবের জন্যই নয়, ঘরোয়া ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশ রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বাফুফের সময় বাড়ানোর সিদ্ধান্ত এবং ফিফার দ্রুত পদক্ষেপ দেশের ফুটবলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পরপরই ক্লাবটি দল গঠনের কাজে কোমর বেঁধে নেমে পড়েছে। সাফ কোটায় বসুন্ধরা কিংস দুইজন নেপালি ফুটবলারকে এরই মধ্যে চূড়ান্ত করেছে।

Scroll to Top