
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের প্রথম ফাইফার উঠেছে বরিশালের রুয়েল মিয়ার হাতে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ২৭.৫ ওভার বোলিং করে পাঁচ উইকেট নেন এই বাঁহাতি পেসার। প্রথম দিনে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই আরও দুই উইকেট তুলে নিয়ে পূর্ণ করেন ফাইফার। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার অষ্টম ফাইফার।
কোকাবুরা বলে সাফল্য পেতে কী করতে হবে, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডেই তার একটা ভালো উদাহরণ দিয়েছেন রুয়েল মিয়া। খুলনার বিপক্ষে ৮০ রানে ৫ উইকেট নিয়ে আসরের প্রথম ফাইফার পাওয়া এই বাঁহাতি পেসারের মতে, কোকাবুরায় সাফল্যের জন্য সিমের গ্রিপ, রিলিজ, লাইন-লেন্থ ও বলের রক্ষণাবেক্ষণ ঠিকঠাক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
খুলনার ইনিংসে রুয়েলের শিকার হয়েছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও আব্দুল হালিমের মতো ব্যাটার। তবে ফাইফার পাওয়ার পথটা একেবারে সহজ ছিল না বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে পঞ্চম উইকেটটি পেতে উইকেট থেকে কোনো সহায়তা না পাওয়ায় নিজের বুদ্ধি ও দুইদিকে সুইং কাজে লাগাতে হয়েছে তাকে।
জাগো নিউজের সঙ্গে আলাপকালে রুয়েল বলছিলেন, ‘প্রথম চারটি উইকেট খুবই সহজে পাওয়ার পরও একটি উইকেটের জন্য আমাকে অনেক সময় বল করতে হয়েছে। তখন উইকেটে কোনো ধরনের হেল্প ছিল না। আমাকে নিজের বুদ্ধি খাটিয়ে এবং দুই সুইং করিয়ে নিজের উইকেটটা বের করে নিতে হয়েছে।
কোকাবুরা বলে বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে সিমের গ্রিপ ও রিলিজের কথা বলেছেন রুয়েল। তার মতে, একজন পেসারকে আগে ঠিক করতে হবে তিনি কী ধরনের বল করতে চাইছেন।

তিনি বলেন, ‘সিমের গ্রিপ এবং রিলিজ, বলের মেইনটেন্যান্স কোকাবুরার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ফাস্ট বোলার আছি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী বল করতে চাচ্ছি — ইনসুইং, আউটসুইং অথবা রিভার্স। সেই ক্ষেত্রে আমাদের বলের সিমটা খুবই গুরুত্বপূর্ণ।’
ডিউকের তুলনায় কোকাবুরায় সুইং আদায় করতে পেসারকে বেশি পরিশ্রম করতে হয় বলেও মনে করেন রুয়েল, ‘কোকাবুরা বলের ক্ষেত্রে সুইংটা একটু নিজে থেকে করাতে হয়। যাদের স্বাভাবিকভাবেই সুইং আছে, তাদের তো সুইং হয়। আর যাদের সুইং হয় না, তাদের একটু হিটের ওপর বল করতে হয়। আর ডিউক বলের ক্ষেত্রে পেস বোলাররা অনেক সুবিধা পান এবং বল শেষ পর্যন্ত সুইং করে।’
পুরোনো বলে বোলিংয়ের ক্ষেত্রেও দুইদিকে সুইং করানোর দক্ষতাকে বড় অস্ত্র মনে করেন রুয়েল। তিনি বলেন, ‘বোলারদের ক্ষেত্রে বল যখন পুরোনো হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিক যে সুইং আছে, তার পাশাপাশি বিশেষ করে দুইদিকে সুইং করানো শিখতে হবে। তাহলে একজন বোলারের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দুইদিকে সুইং করাতে পারা।’
দুইদিকে সুইং করাতে না পারলেও রিভার্স সুইং কাজে লাগানো জরুরি বলে মনে করেন তিনি, ‘আর যদি দুই সুইং না পারা যায়, তাহলে একটি সুইংয়ের মাধ্যমে রিভার্স করানো খুবই গুরুত্বপূর্ণ।’
কোকাবুরায় নিজের সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লাইন-লেন্থ ও ফিল্ডিং সেটআপের ওপরও গুরুত্ব দিয়েছেন রুয়েল, ‘আমি মনে করি, কোকাবুরা বলে সিম এবং লাইন-লেন্থটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যত আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন, ততই আপনার সাফল্যটা সামনের দিকে আসতে থাকবে। সিমের গ্রিপ এবং রিলিজ খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন লেন্থে বল করছেন, কত মিটারে বল করছেন এই জিনিসটাও গুরুত্বপূর্ণ।’

এনসিএলের প্রথম রাউন্ডে নিজের প্রথম ফাইফার পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি রুয়েল। তবে এই পারফরম্যান্সকে সামনে আরও ভালো করার আত্মবিশ্বাস হিসেবেই দেখতে চান তিনি।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, পাঁচ উইকেট পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি পাঁচ উইকেট পেয়েছি। প্রথম দিনে তিন উইকেট পেয়েছিলাম, দ্বিতীয় দিনে এসে আরও দুই উইকেট তুলে নিই। অনেক সংগ্রামের মাধ্যমে আমাকে পাঁচটি উইকেট নিতে হয়েছে। ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতা আমি সবসময় বজায় রাখব, যাতে সামনের ম্যাচগুলোতে আরও ভালো করতে পারি।’
খুলনায় দ্বিতীয় দিনেই শুধু পড়েছে ১৭ উইকেট। বরিশাল অল আউট হওয়ার আগে খুলনা প্রথম সেশনে ৯৮ রানে হারায় শেষ ৫ উইকেট। এরপর ফলোঅনে ব্যাটিংয়ে নেমে আবার ২ উইকেট হারায় বরিশাল। রুয়েলের মতে, ব্যাটারদের কিছু ঘাটতির পাশাপাশি বোলারদের ভালো বোলিংও দ্রুত উইকেট পতনে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘১৭ উইকেট পড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে ব্যাটাররা কিছু ল্যাকিংসের কারণে এই ১৭ উইকেট পড়েছে, দুই দলেরই। বোলাররা অনেক ভালোই করেছেন। ভালো করার কারণেই কিন্তু ১৭ উইকেট পড়েছে।’
অবশ্য রুয়েলের এমন বোলিংয়েও স্বস্তিতে নেই বরিশাল। ব্যাটারদের চরম ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে গুটিয়ে গেছে তারা। এরপর ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানে হারায় প্রথম ২ উইকেট। শেষ পর্যন্ত ২ উইকেটে ৪২ রান নিয়ে দিন শেষ করে বরিশাল। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো প্রয়োজন ২৮৯ রান।