চেলসির মাঠে টটেনহ্যামের ঐতিহাসিক জয়

tottenham 20261025092142
চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে গিয়ে জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার

স্ট্যামফোর্ড ব্রিজে দীর্ঘদিনের জয়খরা কাটিয়ে প্রিমিয়ার লিগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। মাইক পেন্ডার্সের আত্মঘাতী গোল এবং ম্যাচের শেষ দিকে মাথিস তেল-এর দুর্দান্ত শটে জয় নিশ্চিত করে রবার্তো ডি জারবির দল। ১০ জনের চেলসিকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পাওয়ার পাশাপাশি নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে স্পার্স।

শনিবার বৃষ্টিস্নাত ও ঝোড়ো আবহাওয়ায় অনুষ্ঠিত ম্যাচে চেলসির মাঠে জিততে টটেনহ্যামকে বেশ লড়াই করতে হয়েছে। এর আগে স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ৩৩টি সফরে মাত্র একবার জিতেছিল তারা। সেই জয় এসেছিল ২০১৮ সালের এপ্রিলে। দীর্ঘ আট বছরের অপেক্ষার পর এবার আবারও চেলসির মাঠে জয়ের স্বাদ পেল উত্তর লন্ডনের ক্লাবটি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৬৯ মিনিটে চেলসির আক্রমণ থামাতে গিয়ে বল হাতে লাগান টটেনহ্যামের মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেস। এ সময় চেলসির কোল পালমার ও ফার্নান্দেসের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পালমার ফার্নান্দেসের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান রেফারি। দুই দলের টাচলাইনে থাকা কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।

এরপর বলের দখল ও আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে টটেনহ্যামকে তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী দেখায়। চেলসি অবশ্য চোটের কারণে মাঠে পায়নি তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেদ্রোকে। শুক্রবার অনুশীলনে পাওয়া অনির্দিষ্ট ধরনের চোটের কারণে তিনি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে চেলসির আক্রমণে সেই পরিচিত ধার ও ছন্দ দেখা যায়নি।

পেন্ডার্সের আত্মঘাতী গোলেই এগিয়ে যায় স্পার্স

ম্যাচের ৭৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় টটেনহ্যাম। কর্নার থেকে বল বক্সে পাঠান ফার্নান্দেস। বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে সেটি নিজের জালেই পাঠিয়ে দেন চেলসির গোলরক্ষক মাইক পেন্ডার্স। লিগে নিজের প্রথম শুরুর একাদশে নামার ম্যাচেই এমন ভুল করে বসেন এই গোলরক্ষক।

chelseaa 20261025091957
ম্যাচের ৭১তম মিনিটে লাল কার্ড দেখেন কোল পালমার

বলটি গোললাইন থেকে সরিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন চেলসির খেলোয়াড়েরা। কিন্তু শেষ পর্যন্ত গোল ঠেকানো সম্ভব হয়নি। পেন্ডার্সের এই ভুলে এগিয়ে যায় টটেনহ্যাম। গোলটি ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পার্সকে।

চেলসির গোলরক্ষকদের ভুলের ধারাবাহিকতায় নতুন করে যুক্ত হলো পেন্ডার্সের এই ঘটনা। মৌসুমের শুরুতে রবার্ট সানচেজের একাধিক ভুলের পর গোলরক্ষক পজিশনে পরিবর্তনের পথে হাঁটেছিল চেলসি। এমিলিয়ানো মার্তিনেজকে দলে আনা হয় এবং সানচেজ চলে যান কোমোতে। কিন্তু চোয়াল ভেঙে যাওয়ায় মার্তিনেজ মাঠের বাইরে থাকায় সুযোগ পান পেন্ডার্স।

২০২৫ সালে জেঙ্ক থেকে চেলসিতে যোগ দেওয়া পেন্ডার্স গত মৌসুমে ধারে খেলেছেন স্ট্রাসবুর্গে। এ মৌসুমে কারাবাও কাপের দুটি ম্যাচে চেলসির হয়ে খেলেছেন তিনি। লুটন টাউনের বিপক্ষে ক্লিনশিট পেলেও লিডসের বিপক্ষে তিন গোল হজম করেন। লিডস ম্যাচেও বল ক্লিয়ার করতে গিয়ে তাঁর কিছু ভুল চোখে পড়েছিল। এবার লিগে প্রথমবার শুরুর একাদশে নেমেই আত্মঘাতী গোল করে বসেন তিনি।

পালমারের লাল কার্ড, তেলের দুর্দান্ত গোল

পেন্ডার্সের ভুলে পিছিয়ে পড়ার পর চেলসির পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ম্যাচের ৭১ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখা পালমার ১০ মিনিট পর আবারও ফাউল করেন। সাবেক চেলসি মিডফিল্ডার কনর গ্যালাগারের ওপর ট্যাকল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি ক্রিস কাভানাঘ।

ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন পালমার। তার মাঠ ছাড়ার ফলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর যে সামান্য সুযোগ ছিল, সেটিও এতে আরও কঠিন হয়ে পড়ে।

এরপর ম্যাচের শেষ দিকে টটেনহ্যামের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাথিস তেল। বল পায়ে নিয়ে সামনে এগিয়ে প্রায় ২০ গজ দূর থেকে নিচু শট নেন তিনি। বলটি জালে জড়ালে ২-০ গোলের জয় নিশ্চিত হয় স্পার্সের।

তেলের গোলের পর ডি জারবির উদ্‌যাপনও ছিল চোখে পড়ার মতো। ইতালিয়ান কোচ আনন্দে দৌড়ে যান উল্লসিত টটেনহ্যাম সমর্থকদের দিকে। তাঁর এই প্রতিক্রিয়া মনে করিয়ে দেয় হোসে মরিনহোর বিখ্যাত টাচলাইন উদ্‌যাপনের কথা। দুই ক্লাবেরই সাবেক কোচ মরিনহোও একসময় এমন আবেগঘন উদ্‌যাপনের জন্য আলোচনায় এসেছিলেন।

ম্যাচে টটেনহ্যামের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন মাতেউস ফার্নান্দেস। ক্লাবটিতে তার শুরুর সময়টা মিশ্র হলেও চেলসির বিপক্ষে তিনি নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন। তার নেওয়া সিদ্ধান্ত থেকেই ম্যাচে উত্তেজনার সূত্রপাত হয়, আর তার কর্নার থেকেই আসে টটেনহ্যামের প্রথম গোল।

বল পায়ে তার আধিপত্যও ছিল উল্লেখযোগ্য। ম্যাচে সর্বোচ্চ ১২১টি টাচ ছিল ফার্নান্দেসের। ৯৯টি পাসের মধ্যে ৯১টি সফলভাবে সতীর্থদের কাছে পৌঁছে দেন তিনি। পাশাপাশি পাঁচটি ট্যাকল করে ম্যাচে সবচেয়ে বেশি ট্যাকলও করেন।

গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে স্কোয়াড পুনর্গঠন করেছে টটেনহ্যাম। নতুন যুগের সূচনা করতে বড় কোনো জয়ের প্রয়োজন ছিল তাদের। চেলসির মাঠে এই জয় সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বল দখলে সাহস দেখানো এবং সুযোগ কাজে লাগানোর মাধ্যমে স্পার্স প্রমাণ করেছে, তারা ধীরে ধীরে সঠিক পথে এগোতে পারে।

হোয়াও পেদ্রো না থাকায় আক্রমণে ছন্দহীন চেলসি

চেলসির এই হারের পেছনে হোয়াও পেদ্রোর অনুপস্থিতিও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। চলতি মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড না থাকায় আক্রমণভাগে কার্যকর সংযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

এ মৌসুমে পেদ্রোকে ছাড়া লিগে এর আগে মাত্র একটি ম্যাচ খেলেছিল চেলসি। ১৮ সেপ্টেম্বর ব্রেন্টফোর্ডের মাঠে সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তারা। ওই ম্যাচেও আক্রমণে কার্যকারিতার অভাব স্পষ্ট ছিল।

Scroll to Top