রাচিন ও কনওয়েকে ফিরিয়ে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

nz test squad mwbniai3vspfp1b 20261111110351
চোট কাটিয়ে ফিরেছেন রাচিন ও কনওয়ে

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিউজিল্যান্ডের দলে ফিরছেন রাচিন রবীন্দ্র। তাকে নিয়েই দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চোটের কারণে এতদিন দলের বাইরে ছিলেন তিনি। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে সিরিজটি।

গত সেপ্টেম্বরে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ঝাঁপিয়ে ক্যাচ নিতে গিয়ে কাঁধের চোটে পড়েন। ডান কাঁধের হাড় সরে যায় তার। চোটের কারণে ভারতের বিপক্ষে সাদা বলের দুই সংস্করণের সিরিজ থেকে ছিটকে যান তিনি।

রবীন্দ্রর মতো দলে ফিরেছেন ডেভন কনওয়েও। ওয়ানডে সিরিজের আগে অকল্যান্ডে অনুশীলনে মাথায় আঘাত পান তিনি। এ ছাড়া কোয়াড্রিসেপসের চোট থেকে সেরে উঠছেন উইকেটকিপার টম ব্লান্ডেল। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এক বিবৃতিতে বলা হয়েছে, তিনজনই নিজ নিজ চোট নিয়ে কাজ করছেন এবং প্রথম টেস্টে খেলার লক্ষ্যে এগোচ্ছেন।

সিরিজের দুই টেস্টেই যদি ব্লান্ডেল মাঠে নামেন তাহলে কিউইদের হয়ে ৫০ টেস্টে মাঠে নামার মাইলফলক স্পর্শ করবেন তিনি।

ইংল্যান্ড সফরে গত জুনে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ঘোষিত দলটি অনেকটাই সেই দলের মতো। তবে ইংল্যান্ড সফরের মাঝপথে অবসর নেওয়া কেন উইলিয়ামসন এবার দলে নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী চার ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে কাজের চাপ সামলাতে বিশ্রামে রাখা হয়েছে পেসার উইল ও’রুর্কক। চোটের কারণে নেই বেন সিয়ার্স ও জাক ফোকস।

পিতৃত্বকালীন ছুটির কারণে ইংল্যান্ড সফরে ছিলেন না পেসার জ্যাকব ডাফি। এই দলে তিনিই নতুন মুখ। নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ হিসেবে লুক রঙ্কির স্থলাভিষিক্ত হওয়া বিজে ওয়াটলিং প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে, সোমবার দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী বছরের জুনে হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে এই সিরিজটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট সবার ওপরে অবস্থান করছে নিউজিল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াও খুব বেশি পিছিয়ে নেই। ভারত আছে চতুর্থ স্থানে। ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে বাকি সাত টেস্টের বেশির ভাগেই জিততে হবে তাদের। চক্রের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড দল

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

Scroll to Top