নিজের ইচ্ছাতেই প্রথম বল খেলেছিলেন মাহফিজুল

goledn duck mwiqngi4qvo3nxj 20261116100343
অভিষেকে প্রথম বলে আউট হয়ে সাজঘরে ফেরেন মাহফিজুল ইসলাম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকে প্রথম বলেই আউট হয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত ব্যাটারকে খেলতে দেওয়ায় সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। তবে দিন শেষে তানজিদ হাসান তামিম জানালেন, মাহফিজুল ইসলাম নিজেই চেয়েছিলেন সেই অভিজ্ঞতা নিতে।  

বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ওপেনারের অভিষেকে প্রথম বলেই আউট হওয়া প্রথম ব্যাটার মাহফিজুল। এরপর প্রশ্ন ওঠে, অভিজ্ঞতায় এগিয়ে থাকা তানজিদ কেন নিজে প্রথম বল খেললেন না? দলের পরিকল্পনায় এমন সিদ্ধান্তের কারণ কী?

তানজিদের বক্তব্যে পরিষ্কার হয়েছে, বিষয়টি একতরফা কোনো সিদ্ধান্ত ছিল না। আগের দিনই দুজনের মধ্যে এ নিয়ে কথা হয়েছিল। মাহফিজুল নিজের অভিষেকেই স্ট্রাইকে থাকার আগ্রহ প্রকাশ করেন। সাধারণত প্রথম বল খেলার দায়িত্ব নিজের কাঁধে রাখলেও এবার সতীর্থের চাওয়াকে গুরুত্ব দেন তামিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রবিনের (মাহফিজুল) বিষয়ে যেটা বললেন, কালকে ওর সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া, কারণ সাধারণত আমিই করি। তবে যেহেতু কমফোর্টেবল বলছিল, সেহেতু ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।’ 

অভিষেকের মুহূর্তটি মাহফিজুলের জন্য অবশ্য স্মরণীয় হয়ে থাকল অন্য কারণে। প্রথম বলেই শূন্য হাতে ফিরতে হয়েছে তাকে। তবে একটি ব্যর্থ শুরু দিয়েই তরুণ ব্যাটসম্যানের সামর্থ্য বিচার করতে রাজি নন তানজিদ। ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে বলে মনে করেন তিনি। বড় ক্রিকেটারদের ক্যারিয়ারেও অভিষেকে শূন্য রানে ফেরার নজির আছে।

মাহফিজুলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তামিম, ‘এটা আসলে হতেই পারে, এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করবো এখান থেকে সে কিংবদন্তি হবে।’

Scroll to Top