
গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমা দিয়ে শাকিব খান ও নতুন নির্মাতা মেহেদী হাসান জুটি দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য—দুই দিক থেকেই আলোচনার শীর্ষে ছিলেন। সেই সফল জুটি আবারও নতুন সিনেমায় এক হচ্ছে। নতুন এই সিনেমা ঘিরে ইতিমধ্যে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সবকিছু ছাপিয়ে আলোচনায় রয়েছেন সাবিলা নূর। সাবিলা কি থাকছেন শাকিবের নায়িকা হিসেবে?
‘বরবাদ’ ছিল মেহেদী হাসানের পরিচালনায় প্রথম চলচ্চিত্র, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাকিব খান। সিনেমাটি দর্শকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছিল। এর পর থেকে মেহেদী হাসানের প্রতি শাকিবের আস্থা বেড়ে যায়। পরবর্তী সময় তাঁদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও এখন প্রায় দুই বছর পর সেই জুটি আবার একসঙ্গে ফিরছেন।
এই প্রত্যাবর্তন নিয়ে মেহেদী হাসান বলেন, ‘আমরা একসঙ্গে সিনেমাটি করতে যাচ্ছি, এটা সত্য। আমাদের নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে। এমনকি “বরবাদ” সিনেমার পরে হলমালিকেরা আবার একসঙ্গে আমাদের সিনেমা চায়। এটাও আমার জন্য বাড়তি চাপ। তবে এবারের গল্পটা আরও শক্তিশালী।’
তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চান না এই পরিচালক। সিনেমার নামও এখনো চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, এই সিনেমার নাম ‘নিঃস্ব’ বা ‘হায়েনা’ হতে পারে। এই নিয়ে পরিচালক বললেন, ‘নাম সময় হলেই জানাব। এখন প্রি–প্রোডাকশন নিয়ে বেশি ভাবছি।’ তবে এই সিনেমাও হতে যাচ্ছে ‘বরবাদ’-এর মতো অ্যাকশনধর্মী। দর্শক নতুনভাবে শাকিব খানকে দেখবেন।

এদিকে শাকিবের সিনেমাটির নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবিলা নূর। ঘুরেফিরে আসছে তাঁর নাম। এর আগে এই জুটির ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিং করেছেন। যে কারণে জোর আলোচনা চলছে যে সাবিলাই হচ্ছেন নায়িকা। এই প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। আমরা এটা শিগগির জানাব। আগে স্ক্রিপ্ট লক হোক। কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।’
এদিকে সিনেমার প্রযোজক শাহরীন আক্তার প্রথম আলোকে জানান, তাঁদের সিনেমাটির শুটিং হবে আগামী অক্টোবরে। সেভাবেই শাকিব খানের সঙ্গে চুক্তি হয়েছে। এমনকি সিনেমা আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সিনেমার নায়িকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের গল্পের সঙ্গে যাকে মানাবে, সে–ই হবে নায়িকা।’ সাবিলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তবে সাবিলা ভাবনায় নেই।’

এদিকে শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সিনেমার নায়িকা দুজন থাকতে পারেন। একজন কলকাতা থেকে আসবেন এবং অন্যজন বাংলাদেশের। তিনি কি সাবিলা নূর, এমন প্রশ্নে সূত্রটি জানায়, ‘দুটি সিনেমার পরে তাঁদের মধ্যে বোঝাপড়া ভালো। পরবর্তী সিনেমায় শাকিব খানের সঙ্গে সাবিলাকে দেখা যেতে পারে।’
‘সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকা হিসেবে আলোচনায় সাবিলা নূরের নাম রয়েছে’ আবার এমন প্রশ্ন করলে সিনেমার প্রযোজক বলেন, ‘আমরা পরপর দুটি সিনেমা করছি। অক্টোবরে যে সিনেমার শুটিং করতে যাচ্ছি, সেখানে কোনোভাবেই সাবিলার কথা ভাবছি না। তবে পরের সিনেমায় সাবিলার কথা মাথায় রয়েছে। গল্পের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গল্পে যাকে ডিমান্ড করবে, তাকেই তো কাস্টিং করতে হবে।’