সাফে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, অপেক্ষা নেপালের

prothomalo bangla 2026 08 01 fpglconr img 20251118 wa0320
নভেম্বরে ঘরের মাটিতে সাফ খেলবে বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে এবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে  ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।

আজ ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফের ড্রয়ে এই গ্রুপিং চূড়ান্ত হয়েছে। ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন আজই আরেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাহউদ্দিনও।

সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। সাফ অবশ্য জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা টুর্নামেন্টে খেলতে পারবে। সে ক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ বিষয়ে সাফ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান
গ্রুপ ‘বি’: ভারত, মালদ্বীপ ও পাকিস্তান

২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফের ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। এরপর আর সাফের শিরোপার দেখা মেলেনি। আবারও ঘরের মাঠে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের আসর। ঢাকার চেনা পরিবেশ আর দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে এবার যেকোনো মূল্যে দীর্ঘদিনের ট্রফি খরা কাটাতে চায় লাল-সবুজের দল।

Scroll to Top