
আগামী ৯ বছরের জন্য গত রোববার সব বড় প্রতিযোগিতার সময়কাল ঘোষণা করেছে আইসিসি। এই সূচি দেখেই সমস্যায় পড়েছেন ক্রীড়াপ্রেমীরা। চার বছর পর, ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে। একই বছরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি-র প্রকাশিত সূচি অনুযায়ী, দু’টি বিশ্বকাপই প্রায় আড়াই সপ্তাহের জন্য একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সাধারণত টি-টোয়েন্টি বিশ্বকাপ হয় ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। তবে ২০২১ এবং ২০২২-এ বছরের শেষের দিকে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। ২০৩০-এ এই প্রতিযোগিতা ফিরিয়ে আনা হয়েছে বছরের মাঝের দিকে। আইসিসি-র সূচি অনুযায়ী, ৪ জুলাই থেকে ৪ অগস্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপটি।
অন্যদিকে, ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর জুন-জুলাই নাগাদ অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম হয়েছিল ২০২২-এ। সেবার কাতারের প্রবল গরমের কারণে প্রতিযোগিতা পিছিয়ে অক্টোবর-নভেম্বরে আয়োজন করা হয়। ঘটনাচক্রে ওই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও ছিল। কিন্তু ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর সেটি শুরু হয়েছিল; কিন্তু ২০৩০-এ তা হচ্ছে না।
ফিফা অনেক আগেই ২০৩০ বিশ্বকাপের সময়কাল ঘোষণা করে রেখেছে। তারা জানিয়েছে, ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৪ জুলাই। অর্থাৎ ১৭ দিন, বা প্রায় আড়াই সপ্তাহ দু’টি প্রতিযোগিতাই একসঙ্গে চলবে। যারা ক্রিকেট এবং ফুটবল দু’টি খেলাই ভালবাসেন তারা ব্যাপক সমস্যায় পড়ে যাবেন।
অতীতে কখনওই দু’টি বিশ্বকাপ একসঙ্গে হয়নি। কিছুটা হলেও সময়ের ব্যবধান থেকে গেছে। উল্লেখ্য, ২০৩০-এর ফুটবল বিশ্বকাপ হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোয়। তবে বিশ্বকাপের শতবর্ষের কথা মাথায় রেখে প্রথম তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে।