ইনজুরিতে পড়ে কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন

kane 20261121102013 (1)
ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই ইনজুরিতে পড়েন হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখের দুশ্চিন্তা আরও বাড়ল। একে তো এফসি কোলনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে, তারওপর চোটের কারণে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। শুক্রবার বুন্দেসলিগায় এফসি কোলনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা ম্যাচের প্রথমার্ধেই বাঁ পায়ের গোড়ালিতে চোট পান ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। পরীক্ষার পর তার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক মাস মাঠে দেখা যাবে না কেইনকে। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল জানিয়েছেন, প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচের ২০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন কেইন। গোলের সামনে মাইকেল অলিসের ডিফ্লেক্টেড ক্রস থেকে বলের নাগাল পাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে তার আগেই বলের কাছে পৌঁছে যান কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড। বল ক্লিয়ার করার পর তার পায়ের সঙ্গে ধাক্কা লাগে কেইনের বাঁ-পায়ে।

চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই নিচের পা চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন কেইন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও পরের কয়েক মিনিট তাকে প্রায় নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। একপর্যায়ে সাইডলাইনের দিকে ইঙ্গিত করে মাঠে বসে পড়েন তিনি। এরপর গোড়ালিতে চিকিৎসা নিয়ে ২০ মিনিটে টম বিশফকে জায়গা দিয়ে মাঠ ছাড়েন। দুই ফিজিওর সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বের হন ইংল্যান্ড অধিনায়ক।

গত মাসেই ব্যালন ডি’অর জিতেছেন কেইন। বায়ার্ন ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত একটি বছর কাটানোর স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান তিনি। ৪৫ বছর পর বায়ার্নের এবং ২৫ বছর পর ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে পুরুষদের ব্যালন ডি’অর জয়ের কৃতিত্বও তার।

কেইনের চোটে চ্যাম্পিয়নস লিগেও বড় ধাক্কা খেতে পারে বায়ার্ন। লিগ পর্বে তাদের বাকি চারটি ম্যাচেই কেইনের খেলা প্রায় নিশ্চিতভাবেই অনিশ্চিত হয়ে পড়েছে। দলটি নকআউট পর্বে উঠলে ফেব্রুয়ারিতে সেই পর্বের শুরুতেও তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

মার্চের শেষ দিকে নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে কেইনকে পাওয়ার আশা করবে ইংল্যান্ড। কোলনের বিপক্ষে ম্যাচে কেইন চোট পাওয়ার সময় ১-০ গোলে এগিয়ে ছিল সফরকারীরা। ১২ মিনিটে মিকি মুরের গোলে এগিয়ে যায় কোলন। ৩৭ মিনিটে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতায় ফেরে বায়ার্ন।

কেইনের চোটের পর বায়ার্নের দুর্ভাবনা আরও বাড়ান মাইকেল অলিসে। বিরতির ঠিক আগে টম ক্রাউসের সঙ্গে সংঘর্ষে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে তুলে নিতে বাধ্য হন কোচ ভিনসেন্ট কোম্পানি। পরে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন অলিসে। তবে কোচ ভিনসেন্ট কোম্পানি জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ক্রাচ ব্যবহার করেছেন তিনি। বায়ার্ন পরে জানায়, অলিসের পায়ের সামনের অংশে আঘাত লেগেছে। আগামী কয়েক দিন তার চিকিৎসা চলবে।

কেইন ও অলিসের দীর্ঘ অনুপস্থিতি বায়ার্নের জন্য বড় ক্ষতি হতে পারে। চলতি মৌসুমে দলের করা ৫৪ গোলের মধ্যে এই দুজনের অবদান ২২টি, অর্থাৎ মোট গোলের ৪১ শতাংশ। এরই মধ্যে চোটের কারণে মাঠের বাইরে আছেন লুইস দিয়াজ (হ্যামস্ট্রিং), ইসমাইল সাইবারি (গোড়ালি), সার্জ জিনাব্রি (উরু) ও আলফোনসো ডেভিস (হ্যামস্ট্রিং)।

দলের এই চোট-সংকট নিয়ে ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘এরা বিশ্বমানের খেলোয়াড়, তাদের বিকল্প পাওয়া যায় না। তবে আমাদের মানসিক শক্তি আছে, এখন সেটাই কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমন কিছু খেলোয়াড়ের কাছ থেকে আমাদের অসাধারণ পারফরম্যান্স দরকার, যারা হয়তো এখনো বায়ার্নের হয়ে এই চাপের সঙ্গে অভ্যস্ত নয়। আমরা সবাই মিলে এই পরিস্থিতিকে শক্তিতে পরিণত করার চেষ্টা করব। বায়ার্ন বারবার এমনটা করেছে, এবারও সেটাই করতে চাই।’

কোলনের বিপক্ষে ম্যাচে বলের দখলে আধিপত্য থাকলেও গোলের লক্ষ্যে মাত্র একটি শট নিতে পেরেছে বায়ার্ন। ফলে শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা পায়নি তারা। ২০০৪-০৫ মৌসুম থেকে হিসাব করলে, বুন্দেসলিগায় নিজেদের মাঠে কোনো ম্যাচে এর আগে এত কম শট লক্ষ্যে রাখতে পারেনি দলটি।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর এটিই ছিল বায়ার্নের প্রথম ম্যাচ। বিরতির সময় ইংল্যান্ডের হয়ে নেশনস লিগে স্পেন ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে গোল করেছিলেন কেইন। একই সময়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন তিনি।

Scroll to Top