
বিশেষ প্রতিনিধি
২২ নভেম্বর, ২০২৬
দুয়ারে কড়া নাড়ছে শীত। আর এই শীতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে আরো উপভোগ্য করতে শুরু হলো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল। যেখানে থাকছে বিনোদনের জমজমাট সব আয়োজন। উদ্যোক্তারা জানিয়েছেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করাই মূল লক্ষ্য।
রোববার বিকেল তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬ উদ্বোধন করা হয়। ‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। চলবে আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকত ও ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে দিন-রাত ২৪ ঘণ্টা চলবে এই বর্ণাঢ্য আয়োজন।
পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের কথা মাথায় রেখে পুরো কার্নিভাল প্রাঙ্গণকে ১৫টি বিশেষ জোনে ভাগ করা হয়েছে। এখানে ২০টিরও বেশি ভিন্নধর্মী অভিজ্ঞতার সুযোগ থাকছে। উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে রাতের ক্যাম্পিং ও তারা দেখা। সমুদ্রের কোলঘেঁষে রাত যাপনের জন্য রয়েছে বিচসাইড ক্যাম্পিং জোন, ক্যাম্পফায়ার এবং টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ ও তারা দেখার (স্টারগেজিং) ব্যবস্থা। রয়েছে সৈকতে সিনেমা দেখা ও গান শোনার ব্যবস্থা। আয়োজকেরা জানান, খোলা আকাশের নিচে ওপেন-এয়ার মুভি থিয়েটার, অ্যাম্ফিথিয়েটারে লাইভ কনসার্ট, লাইভ বাস্কিং এবং স্থানীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা চলবে আয়োজন জুড়ে।
এ উৎসবের অন্যতম আকর্ষণ বালুর ভাস্কর্য। দেশি-বিদেশি শিল্পীদের তৈরি বিশাল সব বালুর ভাস্কর্য, খ্যাতনামা চিত্রশিল্পীদের আর্ট জোন এবং ভ্যান গঘের ‘স্টারি নাইট’ থিমের বিশেষ প্রদর্শনী রয়েছে। পর্যটকদের অ্যাডভেঞ্চার ও খেলাধুলাঅ থাকছে অনেক সংযোজন। রোমাঞ্চপ্রেমীদের জন্য রয়েছে গো-কার্টিং, কায়াকিং, কমান্ডো ক্যাম্প, ভিআর গেমিং এবং বিভিন্ন ধরনের বিচ স্পোর্টস। থাকছে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের পাশাপাশি আঞ্চলিক খাবার, শীতের পিঠা এবং সমুদ্রতীরে বসে সি-ভিউ বারবিকিউ ও ডিনারের ব্যবস্থা। এই আয়োজনকে ভিন্ন মাত্রা দেবে ওয়েলনেস ও উন্মুক্ত লাইব্রেরি। ভোরে সূর্যোদয়ের সময় যোগব্যায়াম এবং বইপ্রেমীদের জন্য সমুদ্রপাড়ে ওপেন স্কাই লাইব্রেরির ব্যবস্থা করার কথাও জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও আছে স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের তৈরি ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও কেনাকাটার সুযোগ। রয়েছে শিশুদের জন্য আলাদা কিডস জোন।
আয়োজকরা জানান, কার্নিভালে প্রবেশের জন্য দর্শনার্থীদের নির্ধারিত এন্ট্রি ফি দিতে হবে। টিকিটিং পার্টনার টিকিফাই (Tickify)-এর তথ্য অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই ক্যাটাগরিতে। কার্নিভালে একবার প্রবেশের টিকিট ২০০ টাকা এবং সারা দিনের টিকিট ৫০০ টাকা।
দর্শনার্থীরা অনলাইনে টিকিফাইয়ের প্ল্যাটফর্ম থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ভেন্যুর কাউন্টার থেকেও সরাসরি টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এই কার্নিভালের মাধ্যমে কক্সবাজারে পর্যটকদের অবস্থানকাল বাড়বে এবং স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতে নতুন গতি সঞ্চার হবে।