পারভেজের ৫ উইকেট, আবদুল্লাহর ৯৪ রান—মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

prothomalo bangla 2026 08 12 d9al5xgd 20260812170547.jpg
মালয়েশিয়ার কোচ ডেভ হোয়াটমোরের কাছ থেকে ম্যাচসেরার পুরস্কার নিয়েছেন শেখ পারভেজ

২৯১ রানের লক্ষ্য। মালয়েশিয়া জাতীয় দল ২৮তম ওভারে হারিয়ে ফেলল অষ্টম উইকেট। শেষ দুটি উইকেট তুলে নিতে আর কতক্ষণ! কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সেই দুটি পেতে অপেক্ষা করতে হলো আরও ১৩ ওভার।

মালয়েশিয়ার ৮ নম্বর ব্যাটসম্যান আহমেদ জুবাইদি জুলকিফলে দশে নামা সৈয়দ জুনাইদ খানকে নিয়ে দেরি করিয়ে দেন বাংলাদেশের যুবাদের। শেষ পর্যন্ত টানা দুই ওভারে দুজনেই ফিরিয়ে প্রথম এক দিনের ম্যাচে মালয়েশিয়াকে ১৩৭ রানে অলআউট করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ১৫৩ রানের জয় এনে দেন অফ স্পিনার শেখ পারভেজ হোসেন। ৭.৫-১-১৬-৫, পারভেজের বোলিং ফিগারটা ঝলমলই করছিল তখন।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক কালাম সিদ্দিকী। যতটা সম্ভব বাজেভাবেই শুরু করে দলটি। ১১ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকেই যে দলটি ২৯০ রানে পৌঁছায় তাতে বড় অবদান মোহাম্মদ আবদুল্লাহ ও আহরার আমিনের।

prothomalo bangla 2026 08 12 b74rwmvu gettyimages 2256052053 2048x2048
৯৪ রান করেছেন মোহাম্মদ আবদুল্লাহ

অধিনায়ক কালাম (৩৪) শাহরিয়ার সাকিবকে (২১) নিয়ে শুরুর ধাক্কাটা সামাল দিলেও ১০০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। সেখানে থেকে ষষ্ঠ উইকেটে ১০৩ রানের জুটি গড়েন আবদুল্লাহ ও আহরার। ৫ ছক্কায় ৬২ বলে ৬১ রান করে আহরার যখন ফিরলেন বাংলাদেশের স্কোর ২০৩/৬।

সেখান থেকেই শেষ ১১ ওভারে ৮৭ রান যোগ করে যুবারা। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে উইকেটকিপার ব্যাটসম্যান আবদুল্লাহ আউট হয়েছেন ১০০ বলে ৯৪ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ৭ চার ও ৪ ছক্কায়।

এরপর শেখ পারভেজের ১৮ বলের ৩৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই ২৯০ করে বাংলাদেশের দলটি।

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। তবে নবম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ান জুনাইদ ও জুবাইদি। ৬৬ বলে ৪২ রান করে পারভেজের বলে এলবিডব্লু হওয়া জুবাইদি মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেছেন, ২৬ বলে ২১ রান করে তাঁর বলেই বোল্ড হন জুনাইদ। বাংলাদেশের হয়ে ২ উইকেট করে পান মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম।

আগামী পরশু একই মাঠে সিরিজের দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অ-২৩ দল: ৫০ ওভারে ২৯০/৯ (আবদুল্লাহ ৯৪, আহরার ৬১, পারভেজ ৩৫, কালাম ৩৪; আরিফ ৪/৫৩, বিজয় ২/৪৯)।
মালয়েশিয়া: ৪০.৫ ওভারে ১৩৭ (জুবাইদি ৪২, সাইফ ২১, জুনাইদ ২১; পারভেজ ৫/১৬, মারুফ ২/২০, স্বাধীন ২/৩২)।
ফল: বাংলাদেশ অ-২৩ দল ১৫৩ রানে জয়ী।
ম্যাচসেরা: শেখ পারভেজ

Scroll to Top