বাবাকে হারানোর পর মেসির প্রথম গোল, লাল কার্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের

prothomalo bangla 2026 08 20 qjsnoz34 4fdbdoyvznmcpowho4bzc5gwge
ফিলাডেলফিয়া ম্যাচে লিওনেল মেসি

লিওনেল মেসির জীবনে এখন দুটি ভাগ—বাবার মৃত্যুর আগে ও পরে। এখন তাঁর বাবার মৃত্যু–পরবর্তী জীবন চলছে। তাই এ গোলকে হয়তো ভুলতে পারবেন না ইন্টার মায়ামি তারকা। কারণ, এটা যে তাঁর বাবার মৃত্যুর পর প্রথম গোল!

উদ্‌যাপনেও তাই ছিল আবেগের ছোঁয়া। দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে কিংবদন্তি স্মরণ করেন প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও বাবা হোর্হে মেসিকে। মায়ামি ফরোয়ার্ডের ক্যারিয়ারে তাঁদের চেয়ে বেশি অবদান সম্ভবত আর কারও নেই। ছোটবেলায় রোজ বিকেলে দাদি তাঁকে খেলতে নিয়ে যেতেন। আর বাবা ছিলেন বন্ধুর মতো। সন্তানের ক্যারিয়ার সঠিক পথে রাখতে তিনি এজেন্টের ভূমিকাও পালন করেছেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮ আগস্ট মেসির বাবা চলে যান না-ফেরার দেশে। তারপর এটি ছিল মেসির তৃতীয় ম্যাচ। আজ সকালে চেস্টারের সুবারু পার্কে স্বাগতিক ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামির ২–২ গোলের ড্রয়ে প্রথমার্ধেই চোখধাঁধানো গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যাচের তখন ২৬ মিনিট। দুই দল তখন ১–১ গোলের সমতায় ছিল। ডান প্রান্তে পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটান মেসি। এরপর জটলার ভেতর থেকে কোনাকুনি শটে গোল করেন। ক্যারিয়ারে এর আগে করা ৯২০টি গোলের চেয়ে এ গোলের আবেদন তাঁর কাছে অবশ্যই অন্য রকম।

২১ মিনিটে ড্যানিয়েল পিন্টারের করা মায়ামির প্রথম গোলেও ভূমিকা ছিল মেসির। বাঁ প্রান্ত দিয়ে দৌড়ে এসে তিনি আক্রমণ তৈরি করেছিলেন। স্বাগতিকদের হয়ে প্রথমার্ধের ১১ মিনিটে ইন্ডিয়ান ভাসিলেভ এবং ৫৮ মিনিটে নিল পিয়ের গোল করেন। অন্যদিকে ভিএআরের হস্তক্ষেপে ফিলাডেলফিয়ার ১টি গোল বাতিল হয়।

১৩টি গোল নিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে উঠে এলেন মেসি। এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসার চেয়ে তিনি পিছিয়ে আছেন মাত্র ১ গোলে।

বাবার মৃত্যুর পর আগের দুটি ম্যাচে মেসি গোল পাননি। ওই দুই ম্যাচের প্রথমটিতে মেক্সিকোর দল লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মায়ামি। এরপর এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারে তারা। সেই ম্যাচে একটি পেনাল্টি মিস করেন মেসি। এমএলএস ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থেকে ২ নম্বরে আছে মায়ামি (৩৯)।

prothomalo bangla 2026 08 20 0z6qbdb1 310079 01 02
কাভান সুলিভান

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের লাল কার্ড

যোগ করা সময়ে খেলা হয়েছে ১২ মিনিট। একদম শেষ দিকে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান লাল কার্ড দেখেন। ঘটনার শুরু কাভানের ভাই কুইন সুলিভানের সঙ্গে মায়ামির ইয়ান ফ্রের বাদানুবাদ থেকে। ফ্রে তাঁকে মারাত্মক ফাউল করেছিলেন বলে মনে হয়েছিল। দুজনের বাগ্‌বিতণ্ডার জের ধরে মাঠে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান। পরিস্থিতি শান্ত হলে রেফারি কাভান ও ব্রাইটকে লাল কার্ড দেখান। পাশাপাশি কুইনকেও হলুদ কার্ড দেখান তিনি। ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরের ম্যাচে কাভান খেলতে পারবেন না।

১৮ বছর বয়স হলেই প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন সুলিভান। ২০২৬ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের একাদশে নিয়মিত জায়গা করে নেওয়ার পাশাপাশি ২টি গোলও করেছেন তিনি। এ বছর ফিলাডেলফিয়ার ১৮টি ম্যাচের ১১টিতেই তিনি মূল একাদশের হয়ে মাঠে নেমেছেন।

Scroll to Top