
বিপিএল মাঠে না গড়ানো দেশের ক্রিকেটারদের জন্য ক্ষতি বলে মনে করছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন তিনি। সেখানে গতকাল (মঙ্গলবার) ৮ বলে ৩১ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল নিয়ে কথা বলেন হৃদয়।
তিনি বলছেন, ‘(বিপিএল না হলে) অবশ্যই অনেক বড় ক্ষতি হবে। কারণ অনেক খেলোয়াড় আছেন, যারা শুধু বিপিএল খেলেন। তাদের জন্য এটা বড় ক্ষতি। একইসঙ্গে এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে, বারবার বিতর্ক হয়, তাহলে তাদেরও (বিসিবি) যুক্তি আছে। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চাইব যে বিপিএল হোক।’
বিপিএল না হলে বড় শূন্যতা তৈরি হতে পারে বলে ধারণা হৃদয়ের, ‘অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসবেন। যদি এক বছর লিগ না হয়, তাহলে সেই সুযোগ হারাবেন অনেকেই। সেটা দেশের ক্রিকেটের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই নিজে চাইব যে বিপিএল হোক। যদিও আমার চাওয়ায় হয়তো খুব বেশি কিছু যায়-আসে না।’