বিয়ে করলেন ‘মিস্টার বিস্ট’?

6a6183e8416ab

কোটি কোটি ভক্তের কাছে তিনি ‘মিস্টার বিস্ট’ নামেই পরিচিত। ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের একজন জিমি ডোনাল্ডসন জীবনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করলেও একটি বিষয়ে তিনি বরাবরই অনড় ছিলেন—নিজের বিয়েকে কখনোই কনটেন্ট বানাবেন না। সেই প্রতিশ্রুতিই রাখলেন তিনি।

দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বুয়সেনকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান ২৮ বছর বয়সী এই ইউটিউব তারকা। বিয়ের ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি আমার মিসেস বিস্টকে পেয়ে গেছি। আর এটাই আমার জীবনের সেরা দিন।’

বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাদের বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যক্তিগত। ইউটিউবে ৫০ কোটির বেশি এবং ইনস্টাগ্রামে প্রায় ৯ কোটি অনুসারী থাকা মিস্টার বিস্টের বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৭০ জন অতিথি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই সম্পন্ন হয় এই অন্তরঙ্গ অনুষ্ঠান। বিয়ের পর থিয়া নিজের নাম পরিবর্তন করে ‘থিয়া ডোনাল্ডসন’ রেখেছেন।

জিমি ও থিয়ার ডেস্টিনেশন ওয়েডিং অনুষ্ঠিত হয় ক্যারিবীয় সাগরের নেকার আইল্যান্ডে, যা ব্রিটিশ উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন। এক সপ্তাহব্যাপী উদযাপনে ছিল স্নরকেলিং, কাইটসার্ফিংসহ নানা বিনোদনের আয়োজন। অতিথিদের জন্য পুরো অনুষ্ঠানটিই ছিল ব্যক্তিগত এবং সংবাদমাধ্যমের নজরের বাইরে।

জিমি ডোনাল্ডসন ও থিয়া বুয়সেনের পরিচয় ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় এক নৈশভোজে। এক কমন বন্ধুর মাধ্যমে হওয়া সেই পরিচয়ই পরে প্রেমে রূপ নেয়। দুজনের ভাষ্য অনুযায়ী, সেটি ছিল ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। এরপর বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে ভ্রমণ করেন এই জুটি। ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়।

তবে কে এই থিয়া বুয়সেন?

দক্ষিণ আফ্রিকার নাগরিক থিয়া বুয়সেন একজন লেখক, গেমার, ই-স্পোর্টস ধারাভাষ্যকার এবং কনটেন্ট নির্মাতা। তিনি আইন, মনোবিজ্ঞান ও নিউরোসাইকোলজি বিষয়ে পড়াশোনা করেছেন। সাহিত্যচর্চা এবং ডিজিটাল কনটেন্টের জন্যও তাঁর আলাদা পরিচিতি রয়েছে।

Scroll to Top