কমানো হলো টিকিটের দাম, ১ আগস্ট ঢাকায় অনুপম রায়ের কনসার্ট

6a5fa706b6a01

অবশেষে ঢাকার মঞ্চে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর বিমানবন্দরসংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।

এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। নতুন তারিখ ঘোষণার পাশাপাশি এবার দর্শকদের জন্য টিকিটের দাম কমানোর সুখবর দিয়েছে আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের কর্মকর্তা আরিফা শবনম জানিয়েছেন, কনসার্টের সব প্রস্তুতি শেষ হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে টিকিটের মূল্য কমানো হয়েছে।

তিনি জানান, আগে ৩ হাজার টাকা নির্ধারিত টিকিটের দাম কমিয়ে এবার ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া আগের তারিখের জন্য যারা টিকিট কিনেছিলেন, তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। কনসার্টে প্রবেশ করতে তাদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।

‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টে অনুপম রায় তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি একই মঞ্চে বাংলাদেশের একটি ব্যান্ডদলও সংগীত পরিবেশন করবে। আয়োজকদের আশা, নতুন তারিখে দর্শকদের অংশগ্রহণে জমে উঠবে আয়োজনটি।

Scroll to Top