স্পেন–আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার সই সংগ্রহ

prothomalo bangla 2026 07 23 ry0hd7e8 158501 01 02

আর্জেন্টিনা ফুটবল দল। ফাইনালে স্পেনের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি তোলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। চেঞ্জ ডট অর্গে আবেদনটি চালু করেন গিজেলা সানচেজ নামে এক সমর্থক। গত রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদনটি করেন সানচেজ।

এই পিটিশনকারীর দাবি, রেফারির কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলে প্রভাব রেখেছে। তবে সুনির্দিষ্ট বা যাচাইকৃত কোনো প্রমাণ পেশ না করে অনিয়মের অভিযোগ তুলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সুষ্ঠু পর্যালোচনার আহ্বান জানান সানচেজ। এই প্রচারণায় এরই মধ্যে প্রায় ৬২ হাজার মানুষ সই করেছেন।

নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। এই ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের জন্য ফিফার প্রতি আহ্বানও জানানো হয় প্রচারণায়।

prothomalo bangla 2026 07 21 2fqlku0z 153965 01 02 1

বিশ্বকাপ ট্রফি হাতে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে

তবে এই আবেদনের কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক বৈধতা নেই, যা ফিফাকে কোনো অফিশিয়াল টুর্নামেন্টের ফল বদলাতে বাধ্য করতে পারে। ক্রীড়া বিধিমালার বিশেষ কোনো ধারা কিংবা কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই।

আর্জেন্টিনার সমর্থকদের এই উদ্যোগের মতো বিশ্বকাপ চলাকালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টির আগে একটি ট্যাকল নিয়ে বিতর্ক ম্যাচটি পুনরায় খেলার দাবিতে ফ্রান্সে অনলাইন প্ল্যাটফর্মে আবেদন চালু করা হয়। সেই আবেদনের পক্ষে ৮২ হাজারের বেশি সই সংগ্রহ হলেও তা টুর্নামেন্টের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

prothomalo bangla 2026 07 21 2j93f1uh 154276 01 02

বিশ্বকাপ ফাইনালে গোলদাতা ফেরান তোরেস

ফাইনালে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর শিরোপা জেতে স্পেন। এই ম্যাচে রেফারিং নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে।’

Scroll to Top