বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী কর্মসূচি গ্রহণের উদ্যোগ

file 1784801643

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবার দেশজুড়ে বর্ণাঢ্য কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন।’

মন্ত্রী আফরোজা খানম বলেন, এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি কালচার সম্বলিত প্রদর্শনী হবে। তাছাড়া জেলা পর্যায়ে একই সময়ে উদযাপনের ক্ষেত্রেও ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এবার অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই আমরা। সেলক্ষ্যে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতা চান মন্ত্রী।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এবারের পর্যটন দিবসে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে প্রস্তুতকরা টিভিসি থাকবে। তাছাড়া, বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top