
মেট্রো স্টেশনে ঢোকার পথে সামনে স্বয়ংক্রিয় গেট। নিয়ম মেনে টিকিট কেটে গেট পার হওয়ার কথা। কিন্তু হঠাৎ দেখা গেল ভিন্ন দৃশ্য। একদল নারী টিকিট না কেটে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ছেন। তাদের সঙ্গে থাকা এক শিশুও পরে একই কাণ্ডের অনুকরণ করে।
এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী একে একে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে ঢুকে পড়ছেন। টিকিট না কেটে মেট্রোর প্রবেশপথ পার হওয়ার জন্য তারা নিচু হয়ে গেটের তলা দিয়ে চলে যান।
ঘটনার সময় তাদের মধ্যে তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি। বরং কয়েকজনকে হাসিখুশি অবস্থায় দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। ঘটনাটির সবচেয়ে বেশি সমালোচনা শিশুর সামনে এমন আচরণ করা নিয়ে।
ভিডিওতে দেখা যায়, নারীদের গেটের নিচ দিয়ে ঢোকার ঘটনা দেখে সঙ্গে থাকা শিশুও একইভাবে প্রবেশের চেষ্টা করছে।
এতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, বড়দের এমন আচরণ কীভাবে শিশুদের ওপর প্রভাব ফেলতে পারে।
মেট্রোর মতো গণপরিবহনে নিয়ম মেনে চলার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেখানে ভাড়া না দিয়ে প্রবেশের চেষ্টা শুধু নিয়ম ভাঙার বিষয় নয়, শিশুদের জন্যও ভুল উদাহরণ তৈরি করতে পারে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লি মেট্রোর একটি স্টেশনে। তবে এর সময় বা সংশ্লিষ্ট মানুষদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।