‘কখনো সহজ টেস্ট খেলিনি’ বাংলাদেশকে নিয়ে সতর্ক কামিন্স

cummins mspudjvzfeabaja 20260812144515

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে লড়াইকে মোটেও সহজ হিসেবে দেখছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বরং প্রতিপক্ষের সাম্প্রতিক সাফল্য ও অচেনা কিছু ক্রিকেটারকে নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে নামার আগে অস্ট্রেলিয়ার একাদশও নিশ্চিত করেছেন কামিন্স। দলে জায়গা পেয়েছেন জশ ইংলিস, আর বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। এছাড়া দীর্ঘ বিরতির পর নাথান লায়নের ফেরাকেও স্বাগত জানিয়েছেন অজি অধিনায়ক।

বাংলাদেশকে কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন? এমন প্রশ্নে কামিন্স বলেন, ‘আমি মনে করি না, আমি কখনো সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলেই আমার ধারণা। আমাদের কয়েকজনের বিপক্ষে তাদের কয়েকজন ক্রিকেটারকে আমরা আসলে খুব একটা দেখিনি। ফলে টেস্টের আগে কিছুটা অজানাও থাকবে। তবে গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে বেশ কিছু ভালো প্রতিভা রয়েছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশের দল নিয়েও এখনই চূড়ান্ত মূল্যায়নে যেতে চাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেন, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট খেলার পর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। তাই এবারকার সিরিজটি দুই দলের জন্যই আলাদা তাৎপর্য বহন করছে। ডারউইনে আবার টেস্ট ক্রিকেট ফিরছে দীর্ঘ ২১ বছর পর। স্থানীয় কন্ডিশনও তাই আলোচনায় রয়েছে।

ডারউইনের উইকেট সম্পর্কে কামিন্সের ধারণা, পিচটি শক্ত এবং ভালো ব্যাটিং সহায়ক হতে পারে। তার ভাষায়, ‘উইকেটটা সত্যিই ভালো মনে হচ্ছে। আমি সেখানে গিয়ে অনুভবও করেছি। দেখতে ও স্পর্শে বেশ শক্ত মনে হয়েছে। গত বছর এখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচ হয়েছিল এবং সেটি বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল, তবে পেস ও বাউন্সও ছিল। তাই এখানে ঠিক কী ধরনের উইকেট পাব, সেটা নিয়ে খুব বেশিকিছু জানি না। তবে দেখতে ভালোই লাগছে।’

Scroll to Top